বাংলাদেশ

ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

  • 12:01 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন, ১২ আগষ্ট: জুলাই আন্দোলনের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।

বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

‘পলায়নের’ অভিযোগে বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় এ ধরনের অননুমোদিত অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে।

তদন্তে কাজী আশরাফুল আজীম ও রাজন কুমার দাসের বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগও প্রমাণিত হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রত্যেক কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর হবে যেদিন থেকে তাঁরা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেই তারিখ থেকে।

ইকবাল হোসাইনের বিরুদ্ধে যেসব অভিযোগ

মোহাম্মদ ইকবাল হোসাইন বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার এবং এর আগে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দায়িত্বে ফেরেননি।পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি এবং জবাব দেওয়ার জন্য সময়ও চাননি।

তদন্তে তাঁর বিরুদ্ধে ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথি পর্যালোচনার পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। সরকারি কর্ম কমিশনের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে তাঁর চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।

এর আগে একই অভিযোগে গত বছরের ২৩ জুলাই ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এক বছরের বেশি সময় পর এবার তাঁকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলো।

যে বক্তব্যে আলোচনায় আসেন ইকবাল

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে হতাহতের ঘটনা নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলার সময় ইকবাল হোসাইনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের গুলিতে হতাহতের পরিস্থিতি সম্পর্কে বলতে শোনা যায়। তাঁর বক্তব্যের একটি অংশ ছিল, ‘গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’

ভিডিওতে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকেও উপস্থিত থাকতে দেখা যায়।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের প্রজ্ঞাপনে ইকবালের ওই বক্তব্য বা জুলাই আন্দোলনের সময়কার কোনো কর্মকাণ্ডকে চাকরিচ্যুতির কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা।

বরখাস্ত অন্য পাঁচ কর্মকর্তা

কাজী আশরাফুল আজীম: ২০২৪ সালের ৪ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার ছিলেন। বদলির পর ১৪ আগস্ট ডিএমপির দায়িত্ব ছাড়লেও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগ দেননি। তদন্তে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ আগস্ট ২০২৪ থেকে চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।

বিপ্লব কুমার সরকার: ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার। সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই তারিখ থেকেই তাঁর চাকরিচ্যুতি কার্যকর হয়েছে।

সুদীপ কুমার চক্রবর্তী: সাবেক যুগ্ম কমিশনার। তিনিও সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগ দেওয়ার নোটিশ দেওয়া হলেও তিনি দায়িত্বে ফেরেননি। ২০২৪ সালের ২২ আগস্ট থেকে অনুপস্থিত থাকায় ওই তারিখ থেকেই তাঁর চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।

রাজন কুমার দাস: কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। ২০২৪ সালের ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি নেওয়ার পর ৩১ ডিসেম্বর তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর দায়িত্বে ফেরেননি। তদন্তে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

মো. গোলাম রুহানী: ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার। ২০২৪ সালের ১০ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে প্রেষণে যোগ দিতে ডিএমপির দায়িত্ব ছাড়েন। পরে তাঁকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হলেও সেখানে যোগ দেননি। ১১ আগস্ট ২০২৪ থেকে অনুপস্থিত থাকায় ওই তারিখ থেকেই তাঁর চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার ক্ষেত্রেই দীর্ঘদিনের অননুমোদিত অনুপস্থিতি ও সংশ্লিষ্ট বিভাগীয় তদন্তের ভিত্তিতে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au