দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন।
সোমবার রাতে ঢাকার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছান তিনি। তবে তাঁর সফর ও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
দীনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেলমন্ত্রী ও দীর্ঘদিনের রাজনীতিক। গত এপ্রিল মাসে তাঁকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত ৩০ সেপ্টেম্বর দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর হবে, তবে সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সফরের আগে দুই দেশের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
দুই দেশের সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয়ও আলোচনায় রয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি, পানি বণ্টন ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয় রয়েছে। গত ৩ অক্টোবর দীনেশ ত্রিবেদী বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা, পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে এগিয়ে যাওয়া প্রয়োজন।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি সম্প্রতি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।
অন্যদিকে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। চুক্তিটি নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা এখনো উল্লেখযোগ্যভাবে এগোয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।