নিহত পুলিশ সদস্য আতাউল কবির। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৫ আগষ্ট- কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের বাসটার্মিনাল এলাকার ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই হোটেলে আসেন। পরে তিনি ৪০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেলে প্রবেশের সময় তার সঙ্গে অন্য কেউ ছিলেন না।
শুক্রবার সকাল ১১টার দিকে হোটেলের কর্মীরা কক্ষের দরজায় কয়েকবার টোকা দেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে আতাউল কবিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তার ব্যাগ, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউল কবিরের সেখানে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাউল কবির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন।
তবে ঠিক কী কারণে তিনি হোটেল কক্ষে গিয়ে এমন পদক্ষেপ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।