ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক
মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার ল্যাট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স ডিগ্রি পেয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। শুক্রবার (১৪ আগস্ট) মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম) ২০২৬ আয়োজনের অংশ হিসেবে।
রানী মুখার্জী ল্যাট্রোব বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান পাওয়া দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব। এর আগে ২০১৯ সালে বলিউড তারকা শাহরুখ খানকে সিনেমা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে তার নামে একটি পিএইচডি বৃত্তিও চালু করেছিল ল্যাট্রোব।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রানী মুখার্জীর তিন দশকের অভিনয়জীবনের কাজ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্র সামাজিক ন্যায়বিচার, সমতা ও অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করেছে। মানবিক বিভিন্ন কাজের প্রতিও তার যে দায়বদ্ধতা রয়েছে, সেটিও সম্মাননার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।
সম্মাননা গ্রহণের পর রানী মুখার্জী বলেন, ল্যাট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মান পাওয়া তার জীবনের সবচেয়ে আবেগঘন ও বিনয়ী করে দেওয়ার মতো মুহূর্তগুলোর একটি। ছোটবেলায় নিজের পরিবার ও দেশের জন্য গর্বের কারণ হতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ভালো কিছু করার মাধ্যমে বাবা-মাকে খুশি করার ইচ্ছা থেকেই অভিনয়কে নিজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন।
রানী মুখার্জী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এমন গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করেছেন, যেগুলো তার নিজের হৃদয়ে প্রভাব ফেলেছে এবং দর্শকদের অনুপ্রাণিত বা ক্ষমতায়িত করার সম্ভাবনা রয়েছে। শক্তিশালী নারী চরিত্রকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রেও তিনি সচেতনভাবে কাজ করেছেন বলে জানান এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, সিনেমা মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে পারে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সহমর্মিতা ও বোঝাপড়া তৈরি করতে পারে। একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয় বা বিনোদন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি। শিল্পীরা অনেক সময় নিজেদের অজান্তেই একটি দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বলে উল্লেখ করেন রানী মুখার্জী।
অভিনেত্রী আশা প্রকাশ করেন, তার অভিনীত চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা ভারত ও ভারতের নারীদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ও সহমর্মিতার সুযোগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় সংস্কৃতি ও সিনেমার এমন স্বীকৃতিতে নিজেকে একজন ভারতীয় হিসেবে গর্বিত বলেও জানান তিনি।
এদিকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নেও রানী মুখার্জীকে অভিনয়ে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তিন দশকের অভিনয়জীবনে তার স্মরণীয় চরিত্র এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে তার কাজের গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে এই বিশেষ সাইটেশন দেওয়া হয়।

রানী মুখার্জী।
রানী মুখার্জী বলেন, ভারতীয় চলচ্চিত্রে তরুণ অভিনেত্রী হিসেবে যাত্রা শুরুর সময় তিনি কখনো ভাবেননি যে তার অভিনীত সিনেমা ও চরিত্র একদিন সমুদ্র পেরিয়ে অস্ট্রেলিয়ার মতো দেশে দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাবে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে সিনেমার মাধ্যমে আনন্দ দিতে পারাকে নিজের পেশাজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
ল্যাট্রোব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জন ব্রাম্বি এও বলেন,রানী মুখার্জীর কাজ বিনোদনের গণ্ডি পেরিয়ে সামাজিক ন্যায়বিচার, সমতা ও অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা তৈরি করেছে।
এবারের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ২৩ আগস্ট পর্যন্ত। উৎসবে ভারতীয় চলচ্চিত্র, নির্মাতা ও অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশ্বজুড়ে ভারতীয় গল্প বলার প্রভাব ও বিস্তৃতিও তুলে ধরা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au