বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের আগে ফল নিয়ে আগেভাগে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার লক্ষ্য, ম্যাচের প্রতিটি দিন ও প্রতিটি সেশনে ভালো ক্রিকেট খেলা।
শুক্রবার দ্বিতীয় টেস্টের আগের সংবাদ সম্মেলনে শান্ত বলেন, প্রথম টেস্টের জয় দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। দুই দিনের অনুশীলনে সেই আত্মবিশ্বাস ধরে রেখেই প্রস্তুতি নিয়েছে দল।
শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
প্রথম টেস্টে ভালো ক্রিকেট খেললেও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে ক্যাচ মিস কমানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেম। তবে যত কম হয় ততই ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব,’ বলেন শান্ত।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। শান্তর মতে, এ ধরনের কন্ডিশনে বেশি খেললে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি দলের উন্নতিও হবে।
তিনি বলেন, ‘অবশ্যই (এখানে বেশি বেশি) খেলা উচিত। আমার মনে হয়, না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারব না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের যে দলটা আছে, যেকোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান।’
প্রথম টেস্টের পর বাংলাদেশের প্রত্যাশাও বেড়েছে। তবে বাড়তি প্রত্যাশাকে চাপ হিসেবে না দেখে ইতিবাচকভাবেই দেখছেন শান্ত। একই সঙ্গে সমর্থকদের মাঠে এসে দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক হচ্ছে, আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে। এটাই আশা থাকবে। কালকের ম্যাচের খেলা দেখবেন। যাদের মাঠে আসার সুযোগ আছে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার,’ বলেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, সেটি স্বাভাবিক। তবে প্রতিপক্ষ বা সিরিজের ফল নিয়ে এখনই ভাবতে চান না শান্ত। তার কাছে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিটি সেশন।
‘এতদূর চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। ফলে জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি, এটাই টার্গেট থাকবে।’
তিনি আরও বলেন, ‘যদি প্রসেসটা ঠিক থাকে, আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য।’