হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২২ আগষ্ট- সুইডেনের মধ্যাঞ্চলের ফাগেরস্তা শহরের একটি উচ্চ বিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও একজন সামান্য আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ব্রিনেল স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সুইডেনের পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ১৮ বছর বয়সী এক তরুণকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই তরুণকে আটক করার আগে কর্মকর্তারা তার দিকে গুলি ছোড়েন। পরে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
হামলার পর শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তায় আশপাশের আরও আটটি স্কুলের ভবন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এসব স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের কিছু সময়ের জন্য ভবনের ভেতরে অবস্থান করতে বলা হয়। একই সময়ে ভেস্টম্যানল্যান্ড অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় সন্দেহভাজন তরুণের মাথায় হেলমেট ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ব্রিনেল স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন। তবে কেন তিনি হামলা চালিয়েছেন, হামলার সঙ্গে নিহত ও আহতদের কোনো পূর্বপরিচয় ছিল কি না এবং হামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলাটিকে একটি গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলার কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, খবরটি তিনি হতাশা ও দুঃখের সঙ্গে পেয়েছেন। হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশাপাশি নিহত ও আহতদের পরিবার এবং স্বজনদের কথাও তিনি মনে রেখেছেন বলে জানান।
গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষার্থীরা সম্প্রতি ব্রিনেল স্কুলে ফিরেছিল। স্কুলটিতে ৫০০ জনেরও কম শিক্ষার্থী রয়েছে। রাজধানী স্টকহোম থেকে ফাগেরস্তা শহরের এই স্কুলটির দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস হামলার একাধিক ঘটনা ঘটেছে। ২০২৫ সালে ওরেব্রোর একটি প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় হামলাকারীসহ ১১ জন নিহত হন। ওই হামলার পর দেশটির সরকার অস্ত্র আইন আরও কঠোর করার উদ্যোগ নেয়। তদন্তে জানা যায়, হামলার সন্দেহভাজনের নামে বৈধভাবে চারটি রাইফেল ছিল, যার মধ্যে তিনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
এর আগে ২০২২ সালে মালমোর একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহিংস হামলায় দুই শিক্ষক নিহত হন। ওই ঘটনায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী হামলার দায় স্বীকার করেন। এছাড়া ২০১৫ সালে ত্রোলহেত্তানের একটি স্কুলে তলোয়ার নিয়ে হামলায় একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হন।
ব্রিনেল স্কুলের সর্বশেষ হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। হামলার উদ্দেশ্য এবং ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au