হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২৪ আগষ্ট- পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং কারাগারে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।
চিঠিতে সাবেক ক্রিকেট অধিনায়কেরা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার স্বাস্থ্য, বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডা. উজমা খানকে রাখার কথা ছিল। সাবেক অধিনায়কেরা আদালতের নির্দেশ অনুযায়ী এই মেডিক্যাল বোর্ডকে স্বাধীনভাবে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
এ ছাড়া ইমরান খানের পরিবারের সদস্যদের নিয়মিত সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। কোনো প্রশাসনিক জটিলতা বা অযথা বিলম্বের কারণে যেন পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ বন্ধ না থাকে, তা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
চিঠিতে আরও বলা হয়েছে, মেডিক্যাল বোর্ড ইমরান খানের জন্য যে চিকিৎসার সুপারিশ করবে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে আশঙ্কা বা অভিযোগ উঠেছে, সেটি যথাযথভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ইমরান খান ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিভিন্ন মামলায় তাকে ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাবেক অধিনায়কদের চিঠিতে বলা হয়েছে, ইমরান খানকে নিয়ে তাদের উদ্বেগ কোনো রাজনৈতিক পক্ষ নেওয়ার উদ্দেশ্যে নয়। বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক এবং সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা তার স্বাস্থ্য ও মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা তাদের উদ্দেশ্য নয় বলেও স্পষ্ট করেছেন তারা।
গত ছয় মাসে ইমরান খানের বিষয়ে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের পক্ষ থেকে এটি দ্বিতীয় চিঠি। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই ধরনের উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au