বিশ্ব

প্যাকেটজাত খাবারে সামনের দিকে সতর্কীকরণ লেবেল দিতে চায় ভারত

  • 7:54 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
প্যাকেটজাত খাবার ও পানীয়র মোড়কের সামনের দিকে সতর্কীকরণ লেবেল দেওয়ার প্রস্তাব করেছে ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। প্রতীকী ছবি

প্যাকেটজাত খাবার ও পানীয়ের মোড়কের সামনের দিকে সতর্কীকরণ লেবেল চালুর প্রস্তাব দিয়েছে ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। কোনো পণ্যে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বি থাকলে তা সহজে বোঝাতে লাল রঙের ষড়ভুজ আকৃতির সতর্কীকরণ চিহ্ন ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এ ধরনের লেবেল চালুর বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল এফএসএসএআই। তবে স্বাস্থ্যঝুঁকি নিয়ে জনমত ও আদালতের চাপ বাড়ার পর সংস্থাটি আগের অবস্থান থেকে সরে এসে নতুন এই প্রস্তাব দিয়েছে।

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে দেওয়া এক আবেদনে এফএসএসএআই বলেছে, কোনো পণ্যে স্যাচুরেটেড ফ্যাট, চিনি বা লবণের মধ্যে অন্তত দুটি উপাদানের পরিমাণ নির্ধারিত মাত্রার বেশি হলে প্যাকেটের সামনের অংশে লাল রঙের সতর্কীকরণ চিহ্ন দিতে হবে।

প্রস্তাবিত লেবেলে ‘উচ্চ চর্বি’, ‘উচ্চ চিনি’, ‘উচ্চ লবণ’ অথবা ‘অত্যধিক মিষ্টিযুক্ত পানীয়’ ধরনের সতর্কবার্তা থাকতে পারে। এর ফলে প্যাকেটের পেছনের পুষ্টিগুণের তালিকা না পড়েও ভোক্তারা কোনো পণ্যে ক্ষতিকর পুষ্টি উপাদানের মাত্রা বেশি কি না, তা দ্রুত বুঝতে পারবেন।

এফএসএসএআই বলেছে, এই ব্যবস্থা বিশেষ করে শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে সহায়তা করবে। খাদ্যশিল্পকে প্রস্তুতির সুযোগ দিতে ধাপে ধাপে নতুন ব্যবস্থা কার্যকর করার কথাও জানিয়েছে সংস্থাটি। তবে একটি মাত্র উপাদান দিয়ে তৈরি খাবার এই ব্যবস্থার আওতামুক্ত থাকবে।

ভারতের ১০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের খাদ্যবাজারে এ সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে। কোকাকোলা, নেসলে ও পেপসিকোর প্রতিনিধিত্বকারী শিল্পগোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে প্যাকেটের সামনের দিকে এ ধরনের সতর্কীকরণ লেবেল ব্যবহারের বিরোধিতা করে আসছে।

খাদ্যশিল্পের যুক্তি, এ ধরনের সতর্কীকরণ চিহ্ন ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং খাবারের প্রকৃত পুষ্টিমান সম্পর্কে অতিরঞ্জিত ধারণা তৈরি করতে পারে। তবে স্বাস্থ্য অধিকারকর্মীদের দাবি, স্থূলতা ও অন্যান্য খাদ্যজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে প্যাকেটের সামনের দিকে সহজে দৃশ্যমান সতর্কীকরণ জরুরি।

ভারতে বর্তমানে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্যাকেটের পেছনে পণ্যের উপাদান এবং মৌলিক পুষ্টিগুণের তথ্য দিতে হয়। সামনের দিকে অতিরিক্ত চিনি, লবণ বা চর্বির সতর্কীকরণ দেওয়ার বাধ্যবাধকতা নেই।

ভারত সরকার কয়েক বছর ধরে প্যাকেটজাত খাবারে কোনো না কোনো ধরনের সামনের দিকের সতর্কীকরণ লেবেল চালুর চেষ্টা করে আসছে। তবে চলতি বছর খাদ্যশিল্পের আপত্তির কারণে একটি প্রস্তাব বাতিল করা হয়েছিল বলে সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে।

ওই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে কোকাকোলা ও নেসলের মতো বহুজাতিক কোম্পানি ইউরোপের বিভিন্ন বাজারে স্বেচ্ছায় সামনের দিকে পুষ্টি-সংক্রান্ত লেবেল ব্যবহার করলেও ভারতে এমন ব্যবস্থা চালুর বিরোধিতা করছে, বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মার্চে খাদ্যশিল্পের প্রতিনিধিদের সঙ্গে এফএসএসএআইয়ের এক বৈঠকেও এ নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা সতর্কীকরণ লেবেলকে বিভ্রান্তিকর ও অকার্যকর বলে দাবি করেন। তাঁদের মতে, ভোক্তাদের খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে উৎসাহিত করাই বেশি কার্যকর।

ওই বৈঠকে কোকাকোলা ইন্ডিয়ার জ্যেষ্ঠ নির্বাহী মিলি ভট্টাচার্য বলেন, কেউ যদি খাবারের উপাদানের তালিকাই না পড়েন, তাহলে প্যাকেটের ওপর কোনো প্রতীক দেখে তাঁর খাদ্যাভ্যাস উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে, এমনটা ধরে নেওয়া ‘খুবই সরল’ ধারণা।

সতর্কীকরণ লেবেল চালুর দাবিতে ভারতের স্বাস্থ্য অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে আইনি লড়াই করছেন। এ বিষয়ে করা একটি আবেদনের শুনানিতে চলতি মাসের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আদালত ভারতে স্থূলতার উচ্চ হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। আদালতের পক্ষ থেকে বলা হয়, ভারত তার নাগরিকদের সামগ্রিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তা বিশ্ববাসীর জানা উচিত।

এর আগে আদালত ভারতকে ইসরায়েলের মতো সতর্কীকরণ লেবেল ব্যবস্থা বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। ইসরায়েলে কোনো পণ্যে লবণ, চিনি বা চর্বির যেকোনো একটি উপাদানের পরিমাণ বেশি থাকলেও প্যাকেটের সামনে লাল রঙের সতর্কীকরণ চিহ্ন দেওয়া হয়।

তবে এফএসএসএআইয়ের নতুন প্রস্তাব ইসরায়েলের ব্যবস্থার তুলনায় কিছুটা আলাদা। ভারতের প্রস্তাব অনুযায়ী, লবণ, চিনি ও চর্বির মধ্যে অন্তত দুটি উপাদান বেশি থাকলেই সতর্কীকরণ লেবেল দেওয়ার কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টে দেওয়া আবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এর একটি অনুলিপি রয়টার্সের হাতে এসেছে।

ভারতে প্যাকেটজাত ও অতিপ্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে স্থূলতা ও খাদ্যজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।

চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৪৫ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় আক্রান্ত হতে পারেন।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিকারকর্মীরা মনে করছেন, প্যাকেটের সামনের দিকে সহজে দৃশ্যমান সতর্কীকরণ লেবেল ভোক্তাদের দ্রুত ও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে।

তবে প্রস্তাবটি নিয়ে খাদ্যশিল্পের আপত্তি এখনো রয়েছে। নতুন ব্যবস্থা কীভাবে বাস্তবায়ন হবে, সতর্কীকরণের মাত্রা কীভাবে নির্ধারণ করা হবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কতটা সময় দেওয়া হবে, তা নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হবে।

এফএসএসএআই জানিয়েছে, শিল্পখাতকে প্রস্তুতির সুযোগ দিতে ধাপে ধাপে সতর্কীকরণ লেবেল ব্যবস্থা কার্যকর করা হবে।

সূত্র- রয়টার্স

এই শাখার আরও খবর

পাকিস্তানের পর ভারতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কুয়েত

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর এবার ভারতের সঙ্গেও একই খাতে বিস্তৃত সহযোগিতা চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে কুয়েত। এ লক্ষ্যে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা…

চোটের শঙ্কায় বর্ষণ, আপাতত শুধু টি-টোয়েন্টির ভাবনা

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণ। তবে মাঠে ফেরার পর আবারও পুরোনো চোটে পড়ায় তাঁকে নিয়ে…

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে…

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক…

বৃষ্টি-ঘন কুয়াশায় নেপালে উদ্ধারকাজ স্থগিত, চায় বিশেষায়িত বিদেশি সহায়তা

ভয়াবহ বন্যার পর টানা বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে নেপালে শনিবার সাময়িকভাবে অনুসন্ধান ও উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে টানেল থেকে মানুষ উদ্ধার, সড়ক…

৩ দিন ধরে বন্ধ ঘর, ভেতরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে রিমা আক্তার (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au