মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…
যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মায়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গত রোববার দুপুর ২টার দিকে পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। পরে বিমানটি বিমানবন্দরের পাশের গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের ব্যবহৃত একটি সড়ক পার হয়ে কয়েকটি যানবাহনে সজোরে ধাক্কা দেয়।
মায়ামি-ডেড ফায়ার সার্ভিসের প্রধান রে জাদাল্লাহ জানান, দুর্ঘটনার পর বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলট আটকা পড়েন। এ ছাড়া কয়েকজন গাড়ির ভেতরেও আটকা পড়েছিলেন। একটি গাড়ির নিচে চাপা পড়া একজনকেও দমকলকর্মীদের উদ্ধার করতে হয়েছে।
দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রায় ২০০ জন জরুরি উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। তারা বিমানটিকে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় দেখতে পান। বিমানের ইঞ্জিনের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে।
বিমানবন্দরের বিশেষায়িত অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও বিমান থেকে জ্বালানি লিক হওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে ছিল।
এদিকে নিহত পাঁচজনের সবাই গাড়িতে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় বিমানের দুই পাইলটের কী অবস্থা হয়েছিল, সে বিষয়েও প্রাথমিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববার দিনের শেষ নাগাদ ১৬০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৩২৫টি ফ্লাইট বিলম্বিত হয়। কয়েকটি ফ্লাইট মায়ামি থেকে ২০০ মাইলেরও বেশি উত্তরে অবস্থিত অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড় এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল বা প্রায় ৪৮ কিলোমিটার বেগে দমকা বাতাস ছিল।
বিমানটি পরিচালনা করছিল নর্থ ক্যারোলাইনাভিত্তিক কার্গো পরিবহন সংস্থা ২১ এয়ার। ৩২ বছর বয়সী বোয়িং ৭৬৭ বিমানটি মূলত যাত্রীবাহী বিমান হিসেবে তৈরি করা হয়েছিল। পরে বিভিন্ন এয়ারলাইনসে ব্যবহারের পর ২০১৫ সালে এটিকে কার্গো বিমানে রূপান্তর করা হয়।
দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) একটি দল মায়ামিতে পাঠানো হচ্ছে। সংস্থাটির চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, তদন্তকারীরা প্রথমে খতিয়ে দেখবেন বিমানটি নির্ধারিত ল্যান্ডিং জোনের মধ্যে অবতরণ করেছিল কি না। বিমানটি রানওয়ের অনেকটা ভেতরে গিয়ে থাকলে, পাইলটরা কেন অবতরণ বাতিল করে পুনরায় আকাশে ওঠার সিদ্ধান্ত নেননি, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
অবসরপ্রাপ্ত ইউনাইটেড এয়ারলাইনসের পাইলট ও বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইয়ো বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটে সাধারণত বোয়িং ৭৬৭ দুইজন পাইলট দিয়ে পরিচালিত হয়। দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটে অবশ্য অতিরিক্ত পাইলট প্রয়োজন হতে পারে।
সাবেক মার্কিন পরিবহন বিভাগের ইন্সপেক্টর জেনারেল মেরি শিয়াভো বলেন, অবতরণের ভিডিওতে বিমানটিকে রানওয়ের ওপর দীর্ঘ সময় আকাশে ভাসতে দেখা গেছে বলে মনে হয়েছে। এরপর সেটি রানওয়েতে অবতরণ করে।
তিনি আরও বলেন, মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়ে যাওয়া বিমান থামানোর জন্য বিশেষভাবে নির্মিত ‘ইঞ্জিনিয়ারড অ্যারেস্টিং সিস্টেম’ নেই। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশটির ১২০টির বেশি বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থা রয়েছে, যা বহু মানুষের জীবন রক্ষায় সহায়তা করেছে।
অ্যামাজন জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে তারা সহযোগিতা করবে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র : বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au