জিন্নাহর পরিবার নিয়ে ফজলুর রহমানের মন্তব্য, ‘বাবা মাছ বিক্রি করতেন, ছিলেন হিন্দু’
মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন এবং তাঁর পারিবারিক পরিচয় নিয়ে নানা ঐতিহাসিক তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি…
অস্ট্রেলিয়ার পারথের একটি সৈকতে হাঙরের হামলার ঘটনায় এক সাঁতারুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে সোরেন্টো বিচে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে পানিতে এক সাঁতারু বিপদে পড়েছেন, এমন খবর পেয়ে তারা সোরেন্টো বিচে যায়। প্রায় ৫০ মিটার দূরে পানিতে থাকা অবস্থায় ওই ব্যক্তির ওপর হাঙর হামলা চালায় বলে জানা গেছে।

ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দলের সদস্যরা উপস্থিত রয়েছেন। ছবি: ৯নিউজ
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি পানির মধ্যে ওই ব্যক্তিকে হাঙরের আক্রমণের শিকার হতে দেখেছেন।
তিনি বলেন, ‘‘আমি একজন নার্স। তাই অনেক ভয়াবহ দৃশ্য দেখেছি। কিন্তু নিজের চোখের সামনে পানিতে একজন মানুষকে হাঙরের আক্রমণে প্রাণ হারাতে দেখা খুবই কঠিন।’’ তাঁর ভাষ্য, হাঙরটি ওই ব্যক্তিকে পানিতে মাছের মতো ছুড়ে ছুড়ে মারছিল।
ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, তিনি সৈকতের কাছেই থাকেন এবং প্রতিদিন সাঁতার কাটেন। কিন্তু এই ঘটনার পর আর ওই পানিতে নামার সাহস করবেন না।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সার্ফ লাইফ সেভিং কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হাঙর হামলার ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শার্ক স্মার্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটের দিকে সম্ভাব্য হাঙর হামলার বিষয়ে তথ্য পায় ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট (ডিপিআইআরডি)।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিপিআইআরডি। নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাঙরটি সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে দেখা গেছে। তবে কী ধরনের হাঙর ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সেন্ট জন অ্যাম্বুলেন্স প্রায় একই সময়ে তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠালেও পরে সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে ওয়াটার পুলিশ ও পুলিশ এয়ার উইংয়ের সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর সোরেন্টো বিচ বন্ধ করে দেওয়া হয়েছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় চলতি সপ্তাহে এটি দ্বিতীয় হাঙর হামলার ঘটনা।

মেল ইসমাইল (বাঁয়ে) এবং হাঙরের হামলায় তাঁর সার্ফবোর্ডের ক্ষতিগ্রস্ত অংশ। ছবি: ৯নিউজ
এর আগে সোমবার গ্লেনফিল্ড বিচের সমুদ্রে হাঙরের হামলার শিকার হন ৫৬ বছর বয়সী সার্ফার মেল ইসমাইল। আরেক সার্ফার শ্যানান ডান তাঁকে উদ্ধার করেন। ওই ঘটনায় ইসমাইলের পায়ে গুরুতর আঘাত লাগে।
সাম্প্রতিক দুটি ঘটনায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতগুলোতে হাঙরের উপস্থিতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র- নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au