ফটোসাংবাদিক বাদল দাস। ছবি: সংগৃহীত
নিখোঁজের একদিন পর মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দৈনিক নবচেতনার ফটোসাংবাদিক বাদল দাসকে। মতিঝিল এলাকা থেকে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মতিঝিল এলাকা থেকে ফটোসাংবাদিক বাদল দাসসহ আরও ছয় থেকে সাতজনকে গাঁজাসহ হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদল দাস দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে বাদল দাস নিখোঁজ রয়েছেন দাবি করে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বন্ধু সুজিত শেখ বাবু।
পরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছিলেন, ‘ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজের ব্যাপারে থানায় একজন সাধারণ ডায়েরি করেছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসুদেব দাসের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর গুলিস্তানে শিশু কল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন।
গত সোমবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে পরিবার ও স্বজনরা জানান। এর মধ্যে মঙ্গলবার মতিঝিল এলাকা থেকে তাকে আটকের কথা জানায় ডিবি। পরে গতকাল বুধবার রাতে ডিবি পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।