শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়। আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের মুয়াল্লিম হিসেবে কর্মরত বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছানোর পর আগমন হলের এক নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁর ওপর নজরদারি শুরু করেন।
একপর্যায়ে বিমানবন্দর কাস্টমস, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল তাঁর হাতে থাকা ব্যাগ এবং পরিহিত পোশাকে তল্লাশি চালায়। এ সময় চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পরে স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন নিশ্চিত করে সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধভাবে স্বর্ণ পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।