গত আগস্টে গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য উইলি পার্ক নির্ধারণ করা হয়েছিল। তবে রাজ্য সরকারের অনুরোধে পার্কটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ছবি: নাইন নিউজ
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের মোরেটন বে এলাকায় গৃহহীন মানুষের অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি পার্ক বন্ধ করে দিতে যাচ্ছে স্থানীয় কাউন্সিল। পার্কটি চালু রাখার উদ্যোগকে অবৈধ উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার।
পেট্রির উইলি পার্ককে গত আগস্টে পরীক্ষামূলকভাবে গৃহহীন ও রাস্তায় বসবাসকারী মানুষের জন্য বিনা মূল্যে ক্যাম্পিংয়ের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে পার্কটি একটি ‘প্রায়োরিটি ডেভেলপমেন্ট এরিয়া’র (পিডিএ) মধ্যে অবস্থিত হওয়ায় এই উদ্যোগকে অবৈধ বলে মনে করে রাজ্য সরকারের সংস্থা ইকোনমিক ডেভেলপমেন্ট কুইন্সল্যান্ড (ইডিকিউ)।
এ কারণে গত অক্টোবরে সিটি অব মোরেটন বে কাউন্সিলকে কারণ দর্শানোর নোটিশ দেয় সংস্থাটি। বৃহস্পতিবার কাউন্সিলের সভায় ইডিকিউর পাঠানো একটি চিঠি উপস্থাপন করা হয়। ওই চিঠিতে পার্কটি বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাঁদের নিবন্ধনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হবে। তবে নতুন করে কাউকে সেখানে ক্যাম্প স্থাপনের অনুমতি দেওয়া হবে না।
এদিকে, বৃহস্পতিবার সকালে কাউন্সিলের কর্মকর্তাদের পার্কের বাসিন্দাদের হাতে নোটিশ তুলে দিতে দেখা গেছে। নোটিশে তাঁদের পার্ক ছেড়ে যাওয়ার নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হয়েছে।
কুইন্সল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারড ব্লেইজি বলেন, এই উদ্যোগের বিষয়ে কাউন্সিলের সঙ্গে রাজ্য সরকারের কোনো পরামর্শ হয়নি। শুরু থেকেই সরকার এ উদ্যোগের বিরোধিতা করে আসছিল এবং এতে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল।
তিনি জানান, পার্কের বাসিন্দাদের জন্য জরুরি আবাসন ও গৃহহীনদের সহায়তা কার্যক্রমের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংস্থা ‘নরিশ স্ট্রিট ইনকরপোরেটেড’-এর বিউ হেউড ৯নিউজকে বলেন, এই সিদ্ধান্তের ফলে বড়দিনের ঠিক আগমুহূর্তে অনেক মানুষ আবারও আশ্রয়হীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের নিবন্ধনের মেয়াদ আর নবায়ন করা হবে না। (নাইন নিউজ)
তিনি বলেন, “সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিদ্ধান্তের মানবিক মূল্য কতটা ভয়াবহ হতে যাচ্ছে।”
হেউডের মতে, গৃহহীন মানুষকে এক পার্ক থেকে অন্য পার্কে সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, “কিছু মানুষের অপরাধমূলক অতীত থাকতে পারে, আবার অনেকের তা নেই। কিন্তু অতীত বা পরিচয় যা-ই হোক, প্রত্যেক মানুষেরই নিরাপদ আবাসন পাওয়ার অধিকার রয়েছে।”
সূত্র: নাইন.কম.এইউ