বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ের ১৪ ঘণ্টারও বেশি সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাব্যঞ্জক খবর দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, সেবা পুনরুদ্ধারের প্রচেষ্টায় তারা অবশেষে ইতিবাচক ফল দেখতে শুরু করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দেওয়া এক হালনাগাদ বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সর্বশেষ ট্রাফিক অপ্টিমাইজেশন কার্যক্রমের ফলে সার্ভিসের স্থিতিশীলতা ও সক্ষমতা বেড়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সেবা স্থিতিশীল রাখার ক্ষেত্রে আমরা ইতিবাচক ফল পাচ্ছি। পাশাপাশি সর্বশেষ ট্রাফিক ব্যবস্থাপনার পদক্ষেপের ফলে সক্ষমতাও বেড়েছে।’
মাইক্রোসফট আরও জানায়, পরিস্থিতির উন্নতি ধরে রাখতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে এসব পদক্ষেপ আরও বিস্তৃত করা হচ্ছে।
দিনের বেশির ভাগ সময়ই আউটলুক ও মাইক্রোসফট টিমসের মতো গুরুত্বপূর্ণ সেবা অচল ছিল। মাইক্রোসফট জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ সেবার বিস্তৃত পরিসর এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন ও ইমেইল-সংশ্লিষ্ট সেবাগুলোতে সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও কাজ না করার অভিযোগ করেছেন।
এর আগে সমস্যা সমাধানে নিজেদের প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বলে স্বীকার করেছিল প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর ২টার পর দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, সেবার সক্ষমতা বাড়াতে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাশিত ফল দিচ্ছে না। দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনার ভারসাম্যহীনতা মোকাবিলায় বিকল্প উপায় খুঁজে দেখা হচ্ছে।
এই বিপর্যয়ের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী ইমেইল পাঠানো ও গ্রহণ করতে পারছিলেন না। একই সঙ্গে মাইক্রোসফট টিমস ও কোপাইলটসহ বিভিন্ন সেবা ব্যবহারেও সমস্যায় পড়েন তাঁরা।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অনেক সেবা তখনো অচল থাকলেও মাইক্রোসফটের ধারণা, এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলার ঘটনা নেই।
তিনি বলেন, মাইক্রোসফটের প্রাথমিক ধারণা, এটি সাইবার হামলা নয়। বরং ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক বিপর্যয়ের মতো কোনো সফটওয়্যার আপডেটে ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।
বার্ক আরও বলেন, এখন পর্যন্ত এর প্রভাব মূলত ইমেইল ব্যবস্থার ওপরই বেশি পড়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ চ্যানেল ফাইল আপডেটের কারণে বিশ্বজুড়ে ৮৫ লাখের বেশি মাইক্রোসফট ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনায় উইন্ডোজচালিত কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে নীল পর্দা দেখাতে শুরু করে।
প্রতি মিনিটে ২০ হাজার অভিযোগ
বিপর্যয়ের পর বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের পাঁচটি সেবায় সমস্যা দেখা দিলে অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে প্রতি মিনিটে প্রায় ২০ হাজার অভিযোগ জমা পড়ে।
একপর্যায়ে সাইটটিতে সমস্যার কথা জানান প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী।
মাইক্রোসফট জানিয়েছে, সার্ভার পুনরায় চালু করা এবং বিভিন্ন পরিবর্তনের কার্যকারিতা যাচাইসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এরপরও হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।

ক্রাউডস্ট্রাইকের সেবা বিপর্যয়ের সময় অসংখ্য কম্পিউটারের পর্দায় ভেসে উঠেছিল ‘ব্লু স্ক্রিন অব ডেথ’। (ছবি: সরবরাহকৃত)
প্রতিষ্ঠানটির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সেবাগুলোর মধ্যে রয়েছে:
- এক্সচেঞ্জ অনলাইন
- মাইক্রোসফট টিমস
- শেয়ারপয়েন্ট অনলাইন
- মাইক্রোসফট কোপাইলট ৩৬৫
- মাইক্রোসফট ডিফেন্ডার এক্সডিআর
- মাইক্রোসফট প্ল্যানার
- মাইক্রোসফট টু ডু
- মাইক্রোসফট ইনটিউন
- মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস ৩৬৫
- মাইক্রোসফট পুরভিউ
- পাওয়ার বিআই
- মাইক্রোসফট ৩৬৫ অ্যাপস অ্যাডমিন সেন্টার
- ইউনিভার্সাল প্রিন্ট
- উইন্ডোজ ৩৬৫
মাইক্রোসফট জানিয়েছে, পুরভিউয়ের একাধিক সেবা, যেমন ডেটা শ্রেণিবিন্যাস, ডেটা লস প্রিভেনশন ও স্বয়ংক্রিয় লেবেলিংয়েও সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া পাওয়ার বিআই ব্যবহারকারীদের প্রতিবেদন পিডিএফ আকারে রপ্তানি করতে এবং ইউনিভার্সাল প্রিন্টের মাধ্যমে প্রিন্টের কাজ সম্পন্ন করতে সমস্যায় পড়তে হয়েছে।
জরুরি সেবা অনেকটাই স্বাভাবিক
মাইক্রোসফটের এই বিপর্যয়ের মধ্যেও অস্ট্রেলিয়ার জরুরি সেবা নম্বর ট্রিপল জিরোর কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৯নিউজকে ট্রিপল জিরোর পক্ষ থেকে বলা হয়, ভিক্টোরিয়ার বাসিন্দারা আগের মতোই জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেবা কার্যক্রম সচল রয়েছে এবং বিপর্যয়ের কারণে সরাসরি কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করা হয়েছে।
কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগও জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে মানুষকে আগের মতোই ট্রিপল জিরোতে ফোন করতে হবে।
এদিকে মেলবোর্ন বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি। তবে ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, যাত্রীদের কাছে ফ্লাইটের নিশ্চিতকরণ ইমেইল পৌঁছাতে দেরি হতে পারে।
অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে থেকেই মাইক্রোসফট আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে শুরু করে। সকাল সাড়ে ৯টা নাগাদ দেশটিতে ৫ হাজার ৫০০ জনের বেশি ব্যবহারকারী সেবা ব্যবহারে সমস্যার কথা জানান। বিশ্বজুড়ে এ সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যায়।
বিভিন্ন স্কুল থেকেও ইমেইল আদান-প্রদানে সমস্যার খবর পাওয়া গেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবকদের জানিয়েছে, তারা আপাতত ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা কর্মক্ষেত্রে সেবা বিপর্যয়ের কথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সরকারি বিভিন্ন দপ্তরও এ সমস্যায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানভেদে সমস্যার ধরন ও মাত্রা ছিল ভিন্ন।
পুনরায় অচল হয়ে পড়ছে সার্ভার
মাইক্রোসফট জানিয়েছে, যেসব সার্ভার পুনরায় চালু করে সেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল, সেগুলোতে আবার ওয়েব ট্রাফিকের চাপ পড়ায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম বিশেষজ্ঞদের সহায়তায় সার্ভারগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। ঠিক কী কারণে সার্ভারগুলো আবার অকার্যকর হয়ে পড়ছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামোয় সাময়িকভাবে নির্দিষ্ট ধরনের ইন্টারনেট ট্রাফিক প্রবেশ সীমিত করা হচ্ছে। এর মাধ্যমে কোন ধরনের অনুরোধ সমস্যার জন্য দায়ী, তা শনাক্ত করে ধাপে ধাপে সেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কিছু সার্ভার আগের সফটওয়্যার কনফিগারেশন ব্যবহার করে নতুন করে তৈরি করা হচ্ছে। এতে সার্ভারগুলো আবার অকার্যকর হয়ে পড়া ঠেকানো যায় কি না, তা পরীক্ষা করা হবে। ইতিবাচক ফল পাওয়া গেলে অন্য সার্ভারগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে।
দেশজুড়ে স্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিপর্যয়
কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, এই বিপর্যয়ের কারণে এখন পর্যন্ত চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো প্রভাবের তথ্য পাওয়া যায়নি। তবে প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করা হচ্ছে, যাতে স্বাস্থ্যসেবা চালু রাখা যায়।
অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগও এই সমস্যায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তবে হাসপাতাল ও স্বাস্থ্য জেলার ল্যান্ডফোন এবং মোবাইল নম্বরগুলো সচল রয়েছে।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের এক কর্মী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সার্ভার অচল হয়ে পড়ায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা সবাই সমস্যায় পড়েছেন।
চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ও নিশ্চিত করেছে, তাদের আউটলুকসহ মাইক্রোসফটের কয়েকটি সেবা আক্রান্ত হয়েছে। তবে মাইক্রোসফট টিমস ও জুম তখনো কাজ করছিল।
বিশ্ববিদ্যালয়টির এক কর্মী বলেন, ইমেইল পাঠানো ও গ্রহণ করতে না পারায় দৈনন্দিন অনেক কাজ আটকে গেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অনুরোধের জবাব দেওয়াও সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যবস্থায় ইমেইলের মাধ্যমে পরিচয় যাচাই করতে হয়। সেটি সম্ভব না হওয়ায় বিকল্প উপায়ে কিছু কাজ চালানো গেলেও গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে নিউ সাউথ ওয়েলসের সরকারি সেবা সংস্থা সার্ভিস এনএসডব্লিউ জানিয়েছে, তাদের সেবা কেন্দ্র ও কল সেন্টারে কিছু লেনদেন ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সংস্থাটি গ্রাহকদের জরুরি প্রয়োজন না থাকলে সেবা কেন্দ্রে আসা বিলম্বিত করতে এবং সম্ভব হলে অনলাইনে লেনদেন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। জরুরি কাজ সম্পন্ন করতে না পারা গ্রাহকদের জন্য অগ্রাধিকারভিত্তিক কলব্যাক ব্যবস্থাও চালু রয়েছে।
বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত
এর আগে একাধিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় মাইক্রোসফট জানিয়েছিল, সেবা পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য সব বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় সেগুলোর কার্যক্ষমতা কমে যাচ্ছিল।

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়। (ছবি: গেটি ইমেজেস)
সম্ভাব্য সমাধান যাচাই করতে অবকাঠামোর একটি অংশকে আলাদা করে পরীক্ষা, ক্ষতিগ্রস্ত উপাদান পুনরায় চালু এবং ধাপে ধাপে ইন্টারনেট ট্রাফিক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
মাইক্রোসফট এর আগে জানিয়েছিল, বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়েছে। পরবর্তী সময়ে ধারণা করা হয়, সার্ভারের স্বাস্থ্য পরীক্ষা বা ‘হেলথ চেক’ প্রক্রিয়ার কারণে কিছু সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
এ ঘটনায় সাম্প্রতিক সফটওয়্যার পরিবর্তনের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সব ধরনের নতুন আপডেট ও কনফিগারেশন পরিবর্তন সাময়িকভাবে স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।
তবে বিপর্যয়ের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ
বিশ্বব্যাপী এই সেবা বিপর্যয়ের সুযোগ নিয়ে প্রতারণার আশঙ্কায় অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কাস্টমার ওনড ব্যাংকিং অ্যাসোসিয়েশনের আর্থিক অপরাধ ও সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মার্টিন ল্যাটিমার বলেন, দৈনন্দিন যোগাযোগে ইমেইলের ওপর নির্ভরতা বাড়ায় এ ধরনের বিপর্যয়ের সময় বিশেষ সতর্ক থাকা জরুরি।

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে অস্ট্রেলিয়ার সরকারি সেবা সংস্থা সার্ভিস এনএসডব্লিউয়ের কার্যক্রমও ব্যাহত হয়েছে। (ছবি: আইস্টক)
তিনি বলেন, প্রতারকেরা এ ধরনের পরিস্থিতির সুযোগ নিতে পারে। তারা মানুষকে আতঙ্কিত করে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা করে, যাতে ভুক্তভোগীরা চিন্তাভাবনার সুযোগ না পান।
তার মতে, ইমেইল সেবা বন্ধ থাকলে প্রতারকেরা ফোনকল বা স্বয়ংক্রিয় কলের মাধ্যমে মানুষের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।
ল্যাটিমার বলেন, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানির আইটি বিভাগ থেকে ফোন আসার কথা থাকলেও কলদাতার পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। সন্দেহ হলে ফোন কেটে পরিচিত ও নির্ভরযোগ্য নম্বরে কল করে বিষয়টি যাচাই করতে হবে।
এ ছাড়া অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক করে সফটওয়্যার আপডেট ডাউনলোড কিংবা কম্পিউটারের নিয়ন্ত্রণ দেওয়ার অনুরোধে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতারকেরা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়েও ফোন করতে পারে বলে সতর্ক করেছেন এই বিশেষজ্ঞ।
তিনি বলেন, কোনো ব্যাংক কখনো গ্রাহককে ফোন করে অর্থ স্থানান্তর করতে, পাসওয়ার্ড জানাতে কিংবা ব্যক্তিগত ডিভাইসে প্রবেশাধিকার দিতে বলবে না।
বিপর্যয় কাটিয়ে সেবা স্বাভাবিক হওয়ার পরও প্রতারণার ঝুঁকি থাকবে বলে সতর্ক করেছেন তিনি। সে সময় প্রতারকেরা প্রযুক্তিগত সহায়তাকারী পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে।
তাই অপরিচিত বা যাচাই করা হয়নি এমন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন ল্যাটিমার।
কেউ প্রতারণার শিকার হয়েছেন বলে সন্দেহ হলে দ্রুত নিজের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অননুমোদিত লেনদেনের বিষয়ে জানানো এবং অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন তিনি।
সূত্র: নাইন.কম.এইউ