ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতেন চীনা নাগরিকদের একটি দল। ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ক্যামেরা হাতে ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতেন চীনা নাগরিকদের একটি দল। সকাল থেকে রাত পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়ক, অলিগলি, বাড়িঘর ও আশপাশের স্থাপনার দৃশ্য ধারণ করতে দেখা যেত তাঁদের। তবে গত ৭ নভেম্বরের পর থেকে এলাকায় তাঁদের আর ভিডিও করতে দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দেড় শতাধিক চীনা নাগরিক দীর্ঘদিন ধরে উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়াসহ আশপাশের এলাকায় এভাবে ভিডিও ধারণ করছিলেন। কখনো তাঁরা মানুষের বাড়ির ভেতরেও প্রবেশ করে ভিডিও করতেন। তাঁদের ভিডিও ধারণের ধরন দেখে অনেকের মনে হতো, তাঁরা যেন ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছেন।
তবে এসব ভিডিও কোথায় প্রকাশ করা হতো, কিংবা ভিডিওতে কী ধরনের বক্তব্য দেওয়া হতো, সে সম্পর্কে কিছুই জানতেন না স্থানীয় বাসিন্দারা।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকায় সরেজমিনে গিয়ে কোনো চীনা নাগরিককে ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে এলাকায় তাঁদের উপস্থিতি চোখে পড়ছে না।
সম্প্রতি উত্তরায় চীনা নাগরিকদের ভিডিও ধারণ এবং এসব ভিডিওতে দেওয়া মন্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। এরপর তাঁদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ায় পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে। বিদেশি নাগরিকদের চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি তাঁদের ভিসা ও পাসপোর্ট যাচাই করা হয়েছে। পর্যটক ভিসায় বাংলাদেশে এসে তাঁরা কী ধরনের কর্মকাণ্ড করছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে ঢাকার বিভিন্ন বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগও ভারতের নজরে এসেছে। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে চীনা নাগরিকেরা ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় ভিডিও ধারণ করছেন। পরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় এসব এলাকাকে নয়াদিল্লির বিভিন্ন স্থান হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’
তিনি আরও বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে প্রচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা রয়েছে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
টেকপাড়া এলাকার এক বাসিন্দা জানান, অসুস্থতার কারণে গত দুই দিন ধরে তিনি বাড়িতে রয়েছেন। এ সময়ে কোনো চীনা নাগরিককে এলাকায় আসতে দেখেননি। অথচ আগে প্রতিদিন অসংখ্য চীনা নারী-পুরুষকে সেখানে ভিডিও ধারণ করতে দেখা যেত।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চীনা নাগরিকদের বিষয়ে নজরদারি জোরদার করা হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ শুরু করেন। এ সময় তাঁদের ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় এসে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কারণও জানতে চাওয়া হয়। পাশাপাশি ভ্রমণের মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চীনা নাগরিকদের এ ধরনের কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ওপর নজরদারি অব্যাহত রেখেছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।