উদ্ধারকৃত বোমা ও চিরকুট। ছবি : সংগৃহীত
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমা ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তাঁর নিজ বাড়িতে কে বা কারা এগুলো রেখে যায়। চিরকুটে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পান শিমুল হোসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে বাড়ি থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমা ও দুটি চিরকুট উদ্ধার করেন। এগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।