ঢাকার সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে উসকানি, কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাভারের হেমায়েতপুরে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়েছেন আরও এক শ্রমিক নেতা। তাঁকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম ও সংগঠনটির সাধারণ সম্পাদক ইলিয়াস (৫১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আটক শ্রমিক নেতার নাম হুমায়ুন কবির। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটর চালক শ্রমিকলীগের সভাপতি।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিকদের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন।
তিনি আরও বলেন, উৎপাদন কার্যক্রম চালু রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়া এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সুলতানা বেগম ও ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবীতে তাঁদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে বুধবার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার দুপুর সোয়া একটার দিকে জানান, এমকে অ্যাপারেলস কারখানায় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা হামলা চালিয়ে ভাঙচুর করেন।
তিনি জানান, হামলাকারীরা কারখানার ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ এবং একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।