গার্মেন্টস শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার ৫ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বুধবার দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফিরছিলেন নুপুর। পথে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে হামলার পর তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনার পর রূপনগর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।