বিশ্ব

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত

  • 1:45 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টারে যাওয়ার রেলপথের চিত্র

মেলবোর্ন, ২১ এপ্রিল—বাংলাদেশে প্রায় পাঁচ হাজার কোটি রুপির রেলওয়ে সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। এর ফলে রেলপথের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস লাইন রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে তিনটি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পাঁচটি প্রকল্পের সমীক্ষার কাজও স্থগিত করা হয়েছে। এই প্রকল্পগুলো বাংলাদেশ অতিক্রমকারী রুটের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে।

প্রতিবেদনে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’র কথা উল্লেখ করা হয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ভারত তাদের নিজস্ব রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার কথা বিবেচনা করছে।

বিজনেস লাইনকে একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে এই সংযোগ স্থাপনে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার কোটি রুপি খরচ হতে পারে বলে নয়াদিল্লি ধারণা করছে।

বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ স্থাপনের জন্য স্থগিত হওয়া প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এগুলো সরু ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’-এর ওপর নির্ভরতা কমানোর জন্য তৈরি করা হয়েছিল, যা এই অঞ্চলটিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে একমাত্র সংযোগ স্থাপনকারী পথ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ সামগ্রী বা অন্য কোনো উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগকারী রুটের অর্থায়ন এখন বন্ধ আছে। এটি পুনরায় শুরু করতে হলে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এর আগে, ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১২.৯ বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক ছিল, যা উভয় দেশের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে।

স্থগিত হওয়া প্রকল্পসমূহ:

যে তিনটি ভারত-সহায়তা প্রকল্প বর্তমানে স্থগিত করা হয়েছে সেগুলো হলো:

১. আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ এবং খুলাবুড়া-সাহাবাজপুর রেল লাইন স্থাপন। এই প্রকল্পের আওতায় বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইন এবং ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটারসহ মোট ১২.২৪ কিলোমিটার রেল সংযোগ স্থাপনের কাজ চলছিল। ভারত সরকার এই প্রকল্পে প্রায় ৪০০ কোটি রুপি অনুদান সহায়তা প্রদান করছিল। খুলাবুড়া-সাহাবাজপুর রেললাইন এই প্রকল্পেরই অংশ, যার লক্ষ্য ছিল বিদ্যমান বাণিজ্য রুট ব্যবহার করার পাশাপাশি নতুন ট্র্যাক স্থাপনের মাধ্যমে আসামের সাথে সংযোগ উন্নত করা।

২. খুলনা-মংলা বন্দর রেল লাইন। ৩ হাজার ৩০০ কোটি রুপি ব্যয়ের এই প্রকল্পটি রেয়াতি লাইন অফ ক্রেডিট-এর অধীনে বাস্তবায়িত হচ্ছিল। এই প্রকল্পের মাধ্যমে মংলা বন্দর এবং খুলনার বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণের কথা ছিল। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতো। চুক্তি অনুযায়ী, মংলায় একটি টার্মিনালের পরিচালন অধিকারও রয়েছে ভারতের।

৩. ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প। ১৬০০ কোটি রুপি ভারতীয় সহায়তার এই প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। প্রতিবেদন অনুযায়ী, গত বছর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন ৫০ শতাংশের কম হয়েছে।

এছাড়াও, অন্য একটি সূত্র জানিয়েছে যে আরও পাঁচটি আলাদা স্থানে যে স্থান জরিপের কাজ চলছিল, সেগুলোও স্থগিত করা হয়েছে।

ভারতের বিকল্প কৌশল:

প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত তাদের অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে। দেশটির সরকার ক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য উত্তর প্রদেশ ও বিহারে রেললাইন দ্বিগুণ থেকে চারগুণ করার সম্ভাব্যতা যাচাই করছে। রেলওয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘এ জন্য জরিপ চালানো হচ্ছে।’

একই সাথে, ভারত-নেপাল রেল চুক্তি এবং ভুটানের উত্তর-পূর্বে নৈকট্যের মতো বিদ্যমান চুক্তিগুলোকে কাজে লাগিয়ে নয়াদিল্লি, ভুটান ও নেপালের মধ্য দিয়ে রেল সংযোগ স্থাপনের বিকল্প পথ খুঁজছে। এই রুটগুলো বাস্তবায়নের দিক থেকে কিছুটা জটিল হলেও, এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশের উপর নির্ভরতা কমবে।

উদাহরণস্বরূপ, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারত ও নেপালের মধ্যে উন্নত সংযোগের পূর্ববর্তী পরিকল্পনায় বিরাটনগর-নিউ মালের মধ্যে ১৯০ কিলোমিটার নতুন লাইন নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, গালগালিয়া-ভদ্রপুর-কাজলি বাজার সেকশনে আরও ১২.৫ কিলোমিটার নতুন লাইন নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের ‘চিকেনস নেক’ অঞ্চলে সংযোগ উন্নত করার লক্ষ্যে কুমেদপুর-আম্বারি ফালাকাটা অংশে ১৭০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলা এবং বিহারের মধ্যে সংযোগ বৃদ্ধি করতে আরও ২৫ কিলোমিটার নতুন লাইন স্থাপন করা হবে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au