ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
জমে উঠেছে লডর্স টেস্ট। ছবি: ক্রিকইনফো
নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে অপরাজিত থেকে ‘নাইট’-এ যেতে পারলেন না আকাশ দিপ। আউট হলেন তিনি দিনের শেষ ওভারে। ওয়াশিংটন সুন্দারের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা দুইশর নিচে রাখতে পারলেও, ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারল না ভারত। ব্যাটিং ধসের পর বোলিংয়ে শুরুটা দারুণ করল ইংল্যান্ড।
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্ট। জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট। হতে পারে যে কোনো ফল।
চতুর্থ দিন দুই দল মিলিয়ে উইকেট পড়েছে মোট ১৪টি। প্রথম ইনিংসে দুই দলের সমান স্কোরের পর এ দিন দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
১৯৩ রানের লক্ষ্য তাড়ায় ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৮ রানে। টিকে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল।
দিনের শেষ সেশনে রান তাড়ায় নেমে জয়সওয়াল ফেরেন শূন্য রানে। ম্যাচে দ্বিতীয়বার পেসার আর্চারের শিকার বাঁহাতি ওপেনার।
রাহুল ও কারুন নায়ার দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই খেলছিলেন। কিন্তু ব্রাইডন কার্সের বল ছেড়ে দিয়ে কারুন এলবিডব্লিউ হলে ভাঙে ৩৬ রানের জুটি।
আগের টেস্টে ৪৩০ রান করা অধিনায়ক শুবমান গিল এই ম্যাচে ব্যর্থ হন আরেকবার। কার্সের পরের ওভারে এলবিডব্লিউ হন তিনি ৬ রান করে। এর মাঝে রাহুল দ্রাবিড়কে (৬০২) ছাড়িয়ে ভারতের হয়ে ইংল্যান্ডে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান (৬০৭)।
১৫ মিনিট বাকি থাকতে পেসার আকাশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দিনের শেষ ওভারে প্রথম বলে এক রান নিয়ে তাকে স্ট্রাইক দেন রাহুল। চতুর্থ বলে আকাশকে বোল্ড করে ইংল্যান্ডের আশার পালে হাওয়া দেন অধিনায়ক বেন স্টোকস।
এর আগে বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বেন ডাকেটকে শুরুতেই হারায় তারা। তিন নম্বরে নেমে টিকতে পারেননি অলিভার পোপও। দুজনই পেসার মোহাম্মদ সিরাজের শিকার।
থিতু হয়ে ইনিংস টেনে নিতে ব্যর্থ হন জ্যাক ক্রলি (৪৯ বলে ২২)। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
পাল্টা আক্রমণে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। তবে বাজে শট খেলে ফেরেন তিনি ১৯ বলে ২৩ রান করে। আকাশকে ল্যাপ-সুইপ খেলার চেষ্টায় পায়ের পেছন দিয়ে বোল্ড হন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান।
পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে দলের স্কোর দেড়শ পার করেন সাবেক অধিনায়ক জো রুট ও বেন স্টোকস। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ জুটি।
অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটনকে সুইপ করার চেষ্টায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রুটও (৯৬ বলে ৪০) বোল্ড হন পায়ের পেছন দিয়ে। একটু পর ছন্দে থাকা কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথকেও বিদায় করেন ওয়াশিংটন।
৬ উইকেটে ১৭৫ রান নিয়ে চা-বিরতিতে যায় ইংল্যান্ড। বিরতির পর ওয়াশিংটনকে তেড়েফুঁড়ে খেলার চেষ্টায় বোল্ড হন স্টোকস (৯৬ বলে ৩৩)। বাকিরাও বিদায় নেন দ্রুতই।
১১ রানে শেষ ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
স্বাগতিকদের শেষ সাত ব্যাটসম্যানের সবাই বোল্ড হন। তাদের দুই ইনিংস মিলিয়ে বোল্ড হওয়ার সংখ্যাটা ১২, ঘরের মাঠে কোনো টেস্টে যা তাদের সর্বোচ্চ। ১৮৮২ সালে দা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি বোল্ড ছিল আগের সর্বোচ্চ।
ভারতের এক টেস্টে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশিবার বোল্ড করার নজির এটিই। ইংল্যান্ডের বিপক্ষেই গত বছর হায়দরাবাদে ১০টি বোল্ড ছিল তাদের আগের সর্বোচ্চ।
২২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার ওয়াশিংটন। ২০০২ সালের সেপ্টেম্বরে ওভালে হারভাজান সিংয়ের ১১৫ রানে ৫ উইকেটের পর ইংল্যান্ডে কোনো ভারতীয় স্পিনারের সেরা বোলিং এটি।
সফরকারীদের দারুণ বোলিংয়ের সেই স্বস্তি উবে গেল ব্যাটিংয়ে নেমে। তাদের ভরসা হয়ে টিকে থাকা রাহুল ৩৩ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবেন।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় এই টেস্টে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে ২-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৮৭
ভারত ১ম ইনিংস: ৩৮৭
ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২/০) ৬২.১ ওভারে ১৯২ (ক্রলি ২২, ডাকেট ১২, পোপ ৪, রুট ৪০, ব্রুক ২৩, স্টোকস ৩৩, স্মিথ ৮, ওকস ১০, কার্স ১, আর্চার ৫*, বাশির ২; বুমরাহ ১৬-৩-৩৮-২, সিরাজ ১৩-২-৩১-২, নিতিশ ৫-১-২০-১, আকাশ ৮-২-৩০-১, জাদেজা ৮-১-২০-১, ওয়াশিংটন ১২.১-২-২২-৪)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৯৩) ১৭.৪ ওভারে ৫৮/৪ (জয়সওয়াল ০, রাহুল ৩৩*, কারুন ১৪, গিল ৬, আকাশ ১; ওকস ৫-২-১১-০, আর্চার ৪-০-১৮-১, স্টোকস ৪.৪-০-১৫-১, কার্স ৪-১-১১-২)
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au