রিস বেলিঞ্জে আগামীকাল পার্থ ম্যাজিস্ট্রেট আদালতে ফের হাজির হবেন। ছবিঃ নাইন নিউজ
মেলবোর্ন, ২০ আগষ্ট- পার্থের একজন চিকিৎসক মাতাল অবস্থায় দ্রুতগতির গাড়ি চালিয়ে এক তরুণীকে হত্যার দায়ে অপরাধ স্বীকার করেছেন।
৪৫ বছর বয়সী স্ত্রীরোগ বিশেষজ্ঞ রিস হেনরি স্টোন বেলিঞ্জে ১৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুর্ঘটনায় এলিজাবেথ পিয়ার্স-এর (২৪) মৃত্যুতে অনিচ্ছাকৃত হত্যার (manslaughter) দায় স্বীকার করেন। এলিজাবেথ উবার যাত্রী হিসেবে একটি হোন্ডা জ্যাজ গাড়িতে ছিলেন, যা পার্থের ডালকেইথ এলাকার নদী-তীরবর্তী রাস্তায় বেলিঞ্জের নীল জাগুয়ার সেডান গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় ২৫ বছর বয়সী উবার চালক মুহাম্মদ উসমানও মারাত্মকভাবে আহত হন। তার দুই পা ভেঙে যায় এবং হাতে আঘাত পান। এ অভিযোগে বেলিঞ্জে মদ্যপ অবস্থায় বিপজ্জনক ড্রাইভিং করে গুরুতর শারীরিক ক্ষতি সাধন করার অপরাধও স্বীকার করেছেন।
কারাগারে থাকাকালীন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগতে থাকা বেলিঞ্জে ভিডিও লিঙ্কে আদালতে হাজির হন। তিনি বিমর্ষ অবস্থায় প্রতিটি অভিযোগ বুঝতে পেরেছেন বলে নিশ্চিত করেন। এরপর তিনি সবগুলো অভিযোগে দোষ স্বীকার করেন।
আদালত প্রসিকিউশনের আবেদনে ড্রিংক ড্রাইভিংয়ের একটি অভিযোগ খারিজ করে দেয়। আদালতে তার ধনী বাবা ব্রুস বেলিঞ্জে উপস্থিত ছিলেন। শুনানিতে জানানো হয়, দুর্ঘটনার আগে তিনি বাবার বাড়িতে বসে টেলিভিশনে ফুটবল খেলার সময় প্রচুর মদ পান করেন এবং রাত ১০টার দিকে জাগুয়ার গাড়ি চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন।
ড্যাশক্যাম ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার আগে বেলিঞ্জের গাড়ি প্রায় ১৩০ কিমি/ঘণ্টা বেগে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে তিনি বিপরীত দিকে চলে যান এবং উবার গাড়ির সাথে সংঘর্ষ হয়। এলিজাবেথ পরে হাসপাতালে মারা যান।

আইনসিদ্ধ সীমার প্রায় চার গুণ বেশি মদ্যপ অবস্থায় দ্রুতগতির গাড়ি দুর্ঘটনায় এক তরুণীকে হত্যার দায় স্বীকার করেছেন চিকিৎসক রিস হেনরি স্টোন বেলিঞ্জে। ছবিঃ নাইন নিউজ
দুর্ঘটনার পর তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১৮৩ পাওয়া যায় এবং তাকে ঘটনাস্থলেই ক্ষমা চাইতে শোনা যায়। এ সময় তিনি মেরুদণ্ডে আঘাত পান এবং সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। আদালতে আরও একটি ফুটেজ দেখানো হয়, যেখানে দুর্ঘটনার কয়েকদিন আগে তিনি ৪০ কিমি/ঘণ্টা জোনে ১০০ কিমি/ঘণ্টার বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
এছাড়াও দুর্ঘটনার রাতে তাকে তার সাবেক স্ত্রী সম্পর্কে অশালীন ভাষায় চিৎকার করতে শোনা যায়। দুর্ঘটনার পর হাসপাতালে শয্যা আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়। সে সময় অডিও লিঙ্কে তাকে হাউমাউ করে কাঁদতে শোনা যায়।
আগামীকাল বেলিঞ্জেকে পার্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে, যেখানে অতিরিক্ত গতিতে বেপরোয়া গাড়ি চালানোর তিনটি অভিযোগ এবং একটি বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগ শোনা হবে।
এছাড়া, আগামী ২৪ ফেব্রুয়ারি স্টার্লিং গার্ডেনস ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে, যেখানে অভিযোগ গঠন ও সাজা প্রদানের কার্যক্রম শুরু হবে।
সুত্রঃ নাইন নিউজ