সর্বশেষ

রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দেবেন ভোটাররা

  • 5:15 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে ক্যাম্পাসের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে।

ব্যালটের ধরন ও প্রার্থী সংখ্যা
অন্যবারের তুলনায় এবার ডাকসুর ব্যালটের আকার বড় হয়েছে। ডাকসুর জন্য থাকবে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের জন্য থাকবে এক পৃষ্ঠার ব্যালট। ভোট গ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদে ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের দিতে হবে মোট ৪১টি ভোট।

ভোট দেওয়ার নিয়ম
১. ভোটার নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে পরিচয় নিশ্চিত করবেন।
২. প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাতে পারবেন। অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য থাকবে হল আইডি, বিশ্ববিদ্যালয়ের আইডি বা লাইব্রেরি কার্ডের সুযোগ।
৩. পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে।
৪. এরপর ভোটার তালিকায় স্বাক্ষর করে পোলিং কর্মকর্তার কাছ থেকে ভোটার নম্বর নিতে হবে।
৫. ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোটকক্ষে। মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
৬. ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে সংশ্লিষ্ট ঘরে স্পষ্টভাবে ক্রস (×) চিহ্ন দিতে হবে। চিহ্ন যেন ঘরের বাইরে না যায় তা নিশ্চিত করতে হবে।
৭. ভোট দেওয়ার পর ব্যালট দুটি পৃথক বক্সে ফেলতে হবে—একটি ডাকসুর জন্য, অন্যটি হল সংসদের জন্য। ব্যালট ভাঁজ করা যাবে না।

ব্রেইল পদ্ধতিতে ভোট
প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী ও ব্রেইল পড়তে সক্ষম শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। যাঁরা ব্রেইল পড়তে পারেন না, তাঁরা অন্যের সহায়তায় ভোট দিতে পারবেন। কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৩০ জন শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন।

ক্যাম্পাসে প্রবেশে সীমাবদ্ধতা
ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াত সীমিত করা হয়েছে। এ সময়ে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। পরিবারের সদস্যদের প্রবেশের জন্য বিশেষ পাস প্রয়োজন হবে। টিএসসির সব কার্যক্রমও বন্ধ থাকবে। জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

নিরাপত্তা ব্যবস্থা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার ক্যাম্পাসে ১,৭৭১ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের দিনে দায়িত্ব পালন করবেন ২,০৯৬ জন পুলিশ সদস্য। নিরাপত্তায় থাকবে বিশেষায়িত টিম, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের ডিবি সদস্যরা। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় মনিটরিং হবে। টহল চলবে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বাস ও শাটল সার্ভিস
ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাস রুট চালু থাকবে। অতিরিক্ত রুট ও বাসও যুক্ত করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে শাটল সার্ভিস চলবে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত। ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে শাটল সার্ভিস ঘুরে আসবে শাহবাগ, টিএসসি, সিনেট ভবনসহ বিভিন্ন পয়েন্ট হয়ে।

ডিএমটিসিএল জানিয়েছে, সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

প্রার্থী ও ভোটার সংখ্যা
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ৪০৯ জন ও নারী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জনসহ বিভিন্ন পদে অনেকেই প্রার্থী হয়েছেন। সদস্য পদে প্রার্থী হয়েছেন ২১৭ জন।

ভোটার সংখ্যা মোট ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au