অ্যাপলের অনুষ্ঠানে আইফোন ১৭ প্রো হাতে প্রধান নির্বাহী টিম কুক। ছবি: এএফপি
মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা এল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের ফ্ল্যাগশিপ পণ্য আইফোন ১৭ সিরিজ। নতুন এই আইফোন বাজারে আসার পর বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস।
গতকাল (৯ সেপ্টেম্বর, মঙ্গলবার) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে ‘অ ড্রপিং’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ঘোষণা দেন নতুন আইফোন সিরিজের। স্টিভ জবসের রেখে যাওয়া নাটকীয় উন্মোচনের ধারা বজায় রেখে এবারও টিম কুক উপস্থাপন করেন একগুচ্ছ আধুনিক ও চমকপ্রদ প্রযুক্তি।
এবারও শুধু আইফোন নয়, অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ, ইয়ারবাড এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের হালনাগাদ সংস্করণের ঘোষণা দেওয়া হয়।
চারটি নতুন মডেল
অ্যাপল এবার আইফোন ১৭ সিরিজে এনেছে চারটি ভিন্ন ভ্যারিয়েন্ট:
- আইফোন ১৭
- আইফোন ১৭ এয়ার
- আইফোন ১৭ প্রো
- আইফোন ১৭ প্রো ম্যাক্স
সবচেয়ে সাশ্রয়ী আইফোন ১৭ মডেলের দাম শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান বিনিময় হার (১ ডলার = ১২১.৭ টাকা) অনুযায়ী, এর দাম দাঁড়াচ্ছে প্রায় ৯৭ হাজার টাকা।

আইফোন ১৭ প্রো। ছবি: এএফপি
প্রথাগত মডেল আইফোন ১৭-এ থাকছে অভিনব ফিচারসমৃদ্ধ ‘সেন্টার স্টেজ’ ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত রিয়ার ক্যামেরা সিস্টেম। সেলফি ও ভিডিও কলিংয়ে এটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
- ডিসপ্লে: ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে
- রিফ্রেশ রেট: সর্বোচ্চ ১২০ হার্জ পর্যন্ত ‘প্রো মোশন’
- প্রোটেকশন: সিরামিক ২ শিল্ড (আগের তুলনায় ৩ গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী)
- চিপসেট: শক্তিশালী এ১৯ চিপ
- স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি সংস্করণ
- নকশা: মাত্র ৫.৬ মিলিমিটার পাতলা, পলিশ করা গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম
অ্যাপলের দাবি, এটিই এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে পাতলা আইফোন।
এই মডেলে থাকছে ৬.৫ ইঞ্চির বড় প্রো মোশন ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা ও ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইটে।
প্রো ও প্রো ম্যাক্স: পেশাদারদের জন্য
অ্যাপলের সবচেয়ে দামী ও ফিচারসমৃদ্ধ ডিভাইস হিসেবে এবার বাজারে আসছে আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স।
মূল বৈশিষ্ট্য:
- ডিসপ্লে: প্রোতে ৬.৩ ইঞ্চি, প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি স্ক্রিন
- প্রোটেকশন: সামনে-পেছনে সিরামিক ২ শিল্ড
- চিপসেট: এ১৯ প্রো চিপসেট, এন১ ও সি১এক্স সহায়তা
- ক্যামেরা: তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা, ৮ এক্স অপটিকাল জুম
- ফ্রন্ট ক্যামেরা: ১৮ মেগাপিক্সেল
- বিশেষ সুবিধা: বিল্ট-ইন ভ্যাপার চেম্বার, দীর্ঘ সময় ব্যবহারে গরম না হওয়া
- ভিডিও টুলস: পেশাদার ভিডিও তৈরি ও সম্পাদনার জন্য নতুন সফটওয়্যার টুলস
স্টোরেজ সংস্করণ: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং প্রো ম্যাক্সে থাকবে সর্বোচ্চ ২ টিবি পর্যন্ত স্টোরেজ।
বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজের দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (আইফোন ১৭) থেকে।
- আইফোন ১৭ এয়ার: ৯৯৯ ডলার
- আইফোন ১৭ প্রো: ১০৯৯ ডলার
- আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১১৯৯ ডলার (বেস ভ্যারিয়েন্ট)
প্রি-অর্ডার ও সরবরাহ
- ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে।
- ১৯ সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু হবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি বাজারে।
- তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে কখন পাওয়া যাবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি অ্যাপল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৭ সিরিজ স্মার্টফোন জগতে নতুন মানদণ্ড স্থাপন করবে। পাতলা নকশা, শক্তিশালী চিপসেট, উন্নত ক্যামেরা প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী ব্যাটারির কারণে এটি অ্যাপলের অন্যতম সফল পণ্য হয়ে উঠতে পারে।