ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও দীর্ঘ যানজট পরিদর্শনে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবিঃ প্রথম আলো
মেলবোর্ন, ৮ অক্টোবর- ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও দীর্ঘ যানজট পরিদর্শনে গিয়ে নিজেই তীব্র যানজটে আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে তাঁর যাওয়ার কথা ছিল, কিন্তু যানজটে পড়ে তাঁকে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে থাকতে হয়।
এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব রেলস্টেশনে পৌঁছে তিনি সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন। সকাল ১০টা ২০ মিনিটে আশুগঞ্জ থেকে বিশ্বরোডের উদ্দেশে রওনা হওয়ার কিছু পরেই সোনারামপুর এলাকায় যানজটে আটকা পড়েন। প্রায় দুই ঘণ্টা পর তিনি গাড়ি ছেড়ে পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করেন, এরপর বাহাদুরপুর এলাকায় এক মোটরসাইকেলে উঠে বিশ্বরোডের দিকে রওনা দেন। তাঁর বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীনও আরেকটি মোটরসাইকেলে ছিলেন। শেষ পর্যন্ত বেলা ১টার দিকে তিনি সরাইল বিশ্বরোডে পৌঁছান।
সেসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। সরাইল বিশ্বরোড মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম আগে থেকেই তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন।
সওজের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসড়কের যানজট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকার দ্রুত উদ্যোগ নিতে বলে। সেই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্বরোড গোলচত্বরে মেরামতকাজ শুরু হয়। তিন স্তরে ইট ও বালু বিছানোর মাধ্যমে প্রায় ৩৭৫ মিটার এলাকাজুড়ে সড়ক সংস্কারের কাজ চলছে।
সরকারি নির্দেশনায় ৭২ ঘণ্টার মধ্যে যানজট নিরসনের সময়সীমা মঙ্গলবার বিকেলে শেষ হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কর্মকর্তাদের ভাষায়, সমন্বয়ের ঘাটতি ও ধীরগতির কাজের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
শনিবার বিকেলে কাজ শুরু হওয়ার পর থেকেই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ব্যাপক যানজট তৈরি হয়, যা আশুগঞ্জ গোলচত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। চার দিন ধরে দিনরাত একই অবস্থা চলছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, “সকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন।”
সুত্রঃ প্রথম আলো