অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিরোধী দলীয় নেতা মার্ক স্পিকম্যান। ছবিঃ নাইন নিউজ
মেলবোর্ন, ২০ নভেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিরোধী দলীয় নেতা মার্ক স্পিকম্যান অবশেষে পদ ছাড়লেন। কয়েক সপ্তাহ ধরে তাঁর নেতৃত্ব নিয়ে দলে তীব্র আলোচনা চলছিল। আজ তিনি জানান যে সহকর্মীদের বড় একটি অংশ চায় তিনি সরে দাঁড়ান এবং নতুন কেউ দায়িত্ব নিক।
স্পিকম্যান বলেন, এই পদ অত্যন্ত কঠিন হলেও এটি তাঁর জন্য বড় সম্মান ছিল। নিউ সাউথ ওয়েলসের খুব কম মানুষই বড় কোনো রাজনৈতিক দলের নেতা হওয়ার সুযোগ পান, তাই তিনি এই দায়িত্বকে সৌভাগ্য হিসেবে দেখেছেন।
আজ সকালে তিনি রেডিওতে হাস্যরস করে বলেছিলেন যে তাঁর “রাজনৈতিক মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে তা অতিরঞ্জিত”, এবং তিনি দৃঢ়ভাবেই বলেছিলেন যে তিনি পদ ছাড়ছেন না। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি পুরো পাল্টে যায়।
তিনি জানান, দুপুরের পর দলীয় একজন নারী সদস্য তাঁকে সরাসরি জানান যে তিনি দলের নেতৃত্ব নিতে চান। আরও কয়েকজন সহকর্মী জানান তাঁরা চান দলে নতুন নেতৃত্ব আসুক। এর পরই স্পিকম্যান সিদ্ধান্ত নেন পদত্যাগের।
আজ বিকেলে তিনি বেশ কিছু মিডিয়া সাক্ষাৎকার বাতিল করেন, কারণ গুঞ্জন উঠেছিল যে দলীয় সভায় নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হতে পারে। গত সপ্তাহ ধরে এমন কথাবার্তা চলছিল, আর তিনি বারবার বলেছিলেন যে তাঁকে কেউ পদ ছাড়তে বলেনি।
কিন্তু শেষমেশ তিনি 9News–এর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎকার সরাসরি বাতিল করেন এবং সহকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। রাজনৈতিক প্রতিবেদকদের মতে, সহকর্মীদের প্রধান অভিযোগ ছিল যে স্পিকম্যান নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্সের বিরুদ্ধে তেমন কোনো রাজনৈতিক চাপ তৈরি করতে পারছিলেন না।
কে হচ্ছেন নতুন নেতা
দলের শীর্ষ নেতৃত্বে এখন সবচেয়ে আলোচনায় আছেন শ্যাডো হেলথ মুখপাত্র কেলি স্লোন। দলীয় কক্ষে ভোটের মাধ্যমে নতুন নেতা ঠিক করা হবে।
স্পিকম্যান নিজেই স্লোনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, স্লোন নেতৃত্বের দায়িত্ব নেওয়ার আগ্রহ তাঁর কাছে প্রকাশ করেছেন এবং তিনি মনে করেন স্লোন এই দায়িত্ব ভালোভাবে পালন করবেন।
স্পিকম্যান জানান, তিনি অনিচ্ছা থাকা সত্ত্বেও একমত হয়েছেন যে স্লোনই পরবর্তী এনএসডব্লিউ লিবারেল নেতা হওয়া উচিত। তিনি বলেন, স্লোন দক্ষ বক্তা এবং ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি দলকে পরবর্তী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য।
স্লোন দলের আরও সিনিয়র নেতাদের সমর্থনও পাচ্ছেন। এমপি ওয়েন্ডি টাকারম্যান বলেন, যদি স্লোনের সমর্থন যথেষ্ট হয় তবে তাঁর এগিয়ে আসা উচিত। শ্যাডো অ্যাটর্নি জেনারেল অ্যালিস্টার হেনস্কেনসকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সুত্রঃ নাইন নিউজ