মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ভারতে এক দিনের সফর শেষে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজ সেরে শুক্রবার রাতে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সম্মানে আয়োজিত সেই ভোজে পরিবেশন করা হয় ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদে সাজানো বিশেষ নিরামিষ মেনু। পুতিনের সঙ্গে নৈশভোজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা।
রাষ্ট্রপতি ভবনের অতিথি তালিকায় পুতিনের জন্য যে খাদ্যতালিকা তৈরি করা হয়, তাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নানা পদের ছোঁয়া ছিল। শুরুতেই পরিবেশন করা হয় দক্ষিণ ভারতের বিশেষ স্যুপ মুরুঙ্গেলাই চারু। এরপর আসে কাশ্মীরি পদ গুচ্চি দুন চেতিন, কালে চানের শিকামপুরী কাবাব এবং ঝাল চাটনির সঙ্গে পরিবেশিত নিরামিষ ঝোল মোমো।
মেনুর মূল পদে ছিল জাফরানি পনির রোল, পালং মেথি মটর, তন্দুর ভরওয়ান আলু, আচারি বেগুন, হলুদ ডাল তরকা এবং বাসমতী চালে তৈরি সুগন্ধি জাফরানি পোলাও। ভারতীয় রুটির তালিকাও ছিল সমৃদ্ধ। পরিবেশন করা হয় লাচ্চা পরোটা, মগজ নান, সাতনাজ রুটি, মিস্সি রুটি এবং বিস্কুটি রুটি।
ডেজার্টে ছিল বাদামের হালুয়া, কেশর পেস্তা কুলফি, টাটকা ফল, গুড়ের সন্দেশ এবং দক্ষিণী মুরুক্কু। পাশাপাশি পুতিনের জন্য প্রস্তুত ছিল কমলালেবু, গাজর ও আদার মিশ্রণে বিশেষ এক পানীয়। নৈশভোজের মেনু প্রকাশ করেছে সংবাদসংস্থা পিটিআই।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। ভারতীয় সঙ্গীতের সঙ্গে সাজানো হয় রাশিয়ান মেলোডির পরিবেশনা। সফরের শুরুতে বৃহস্পতিবার রাতে প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। সফর শেষে রুশ প্রেসিডেন্টকে বিদায় জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।