‘সন্তোষজনক জবাবে’ আগের পদে ফিরলেন ডাক্তার ধনদেব , ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১২ নভেম্বর- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে তর্কে জড়িয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ডাক্তার ধনদেব চন্দ্র বর্মণকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় ডা. ধনদেব বর্মণকে তার আগের পদে যোগ দিতে বলা হয়েছে। এরইমধ্যে তিনি কাজে যোগ দিয়েছেন।
গত বুধবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।
তাতে বলা হয়, “ডা. ধনদেব তার অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এরূপ আচরণ করবেন না বলে অঙ্গীকার করেছেন। এমন জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে মহাপরিচালক সন্তোষজনক বলে মনে করেন।”
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান বলেন, ‘ডা. ধনদেব চন্দ্র বর্মণকে আগের পদে পুনর্বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পত্র জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
গত ৬ ডিসেম্বর একটি সেমিনারে যোগ দিতে এসে ডিজি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের এক পর্যায়ে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে একটি টেবিল থাকা নিয়ে ডিজি প্রশ্ন তুললে ডা. ধনদেব চন্দ্র বর্মণ তাৎক্ষণিকভাবে তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট ও কাজের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এর ফলে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। সে সময় মহাপরিচালক অসৌজন্যমূলক আচরণের জন্য চিকিৎসককে অব্যাহতি ও শোকজের নির্দেশ দেন।
এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠে। একজন ডাক্তারের সাথে ডিজির এমন আচরণকে ক্ষমতার অপব্যবহার হিসেবে মন্তব্য করেন বহু মানুষ।