মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- কর্মবিরতির কারণে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকার পর রাতেই আবার চালু হচ্ছে রাজধানীর মেট্রো রেল। শুক্রবার সন্ধ্যার পর আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলে মেট্রোর সব স্টেশন খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রাত ৯টায় উত্তরা থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে।
দিনভর দুর্ভোগে পড়া যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি নিয়ে আসে। এর আগে বিকেল ৩টা এবং ৩টা ২০ মিনিটে নিয়মিত ট্রেন ছাড়ার কথা থাকলেও কর্মবিরতির কারণে কোনো ট্রেনই স্টেশন থেকে ছাড়েনি।
স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি না পাওয়ায় নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন। তাদের আন্দোলনের কারণে সকাল থেকেই যাত্রীসেবা অচল হয়ে পড়ে।
যদিও বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল জানিয়েছিল, মেট্রো রেল শুক্রবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। কিন্তু আন্দোলনকারীরা সেই ঘোষণা মানেননি। ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর দাবি বাস্তবায়নের প্রক্রিয়া এগোচ্ছে। এর মধ্যেই যাত্রীসেবা বন্ধ রাখায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের লক্ষ্যে বিশেষ বোর্ড সভা হবে। এতে আন্দোলনকারীদের প্রধান দাবি পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই বলে জানানো হয়।
সবকিছু বিবেচনায় আজ রাত থেকেই আবার স্বাভাবিকভাবে মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে। যাত্রীদের নিয়মিত সময়সূচি অনুযায়ী সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।