ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল
ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…
মেলবোর্ন,২০ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। দীর্ঘদিন পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, তাঁর বাবা কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠান তারেক রহমান। যাচাই-বাছাই শেষে তাঁর হাতে ট্রাভেল পাস তুলে দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় নিজেই এ তথ্য জানান তিনি। একই কথা এর আগে একটি ব্রিফিংয়ে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাঁর বহনকারী বিমান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে তাঁর দেশে ফেরা নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতির লক্ষণ দেখা যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au