মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। প্রয়োজনীয় নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে দলটি।
সোমবার ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ উদ্যোগ নিয়েও বর্তমান পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে তারা মনে করছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যেসব ন্যূনতম শর্ত প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে তা অনুপস্থিত। এই অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া দলের নীতি ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিল। দলের সভাপতি রাশেদ খান মেনন অতীতে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দলটির একাধিক নেতা মামলার মুখে পড়েছেন। গণ-অভ্যুত্থানের সময় নিউ মার্কেটে এক ব্যবসায়ী হত্যার মামলায় দলের সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া দলের আরও কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলার তথ্যও রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়ার্কার্স পার্টির এই সিদ্ধান্ত চলমান নির্বাচনী প্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান যোগ করল। এতে নির্বাচনের সার্বিক অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।