মেলবোর্ন ৯ জানুয়ারি-২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় যেখানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতে না যাওয়ার, সেখানে দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন ভিন্ন কথা। তার মতে আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়া যেত আরও চিন্তাভাবনা করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র এক মাস। তবে ভারতে হতে যাওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কিনা সেই ধোয়াশা যেন কাটছেই না।
ভারতে খেলতে যাবে না বাংলাদেশ এই সিদ্ধান্তের কথা মেইলে আইসিসিকে জানিয়েছিলো বিসিবি। জবাবে আইসিসি পূর্ণ নিরাপত্তা দেয়ার কথা বললেও ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি সাফ জানিয়ে দেয়, দেশের সম্মান বিসর্জন দিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয়।
তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন ভিন্ন কথা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন তামিম।
তাছাড়া, বাংলাদেশ ক্রিকেটে আইসিসির অর্থনৈতিক সাহায্যের কথাও মনে করিয়ে দেন তামিম। সেই সাথে বোর্ডের ভেতরের সিদ্ধান্তের খবর প্রতিদিন গণমাধ্যমে আসার কড়া সমালোচনাও করেন তিনি।
বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, অথচ মাঠে নামার আগেই সবচেয়ে বড় লড়াইটা যেন সিদ্ধান্তের টেবিলেই লড়ছে বাংলাদেশ।