মেলবোর্ন ৯ জানুয়ারি-বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে চলতি মৌসুমের আইপিএলে ফেরানো হচ্ছে—এমন তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওটিএন বাংলাকে দেওয়া এক নিশ্চিত বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানান, ‘মুস্তাফিজকে আইপিএলে ফেরানো নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে, সেটি সঠিক নয়।’
চলমান এই ইস্যুর সূত্রপাত মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার খবরকে কেন্দ্র করে। কেকেআরের সিদ্ধান্তের পরই নতুন করে গুঞ্জন ওঠে—বাংলাদেশের এই বাঁহাতি পেসার আবারও আইপিএলে ডাক পেতে পারেন। তবে বিসিবির সর্বশেষ অবস্থান সেই জল্পনায় কার্যত ইতি টানল।
বিসিবি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে মুস্তাফিজকে ঘিরে কোনো আইপিএল-সংক্রান্ত ছাড়পত্র বা আনুষ্ঠানিক আলোচনা নেই। বরং জাতীয় দলের ভবিষ্যৎ সূচি, খেলোয়াড়দের কাজের চাপ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাই বোর্ডের প্রধান বিবেচনায় রয়েছে।
এদিকে ভারত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যও আলোচনায় এসেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্দিষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না—এমন সিদ্ধান্তও আসতে পারে। এই বক্তব্যের পর ভারত-বাংলাদেশ ক্রীড়া সম্পর্ক এবং ভবিষ্যৎ সফর সূচি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু এখন আর শুধু আইপিএলকেন্দ্রিক নয়; এটি জাতীয় দলের সূচি, বোর্ডের নীতিগত অবস্থান এবং কূটনৈতিক বাস্তবতার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে। বিসিবি সভাপতির স্পষ্ট বক্তব্যে আপাতত পরিষ্কার—মুস্তাফিজের আইপিএলে ফেরা নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই