অস্ট্রেলিয়া

ওটিএন বাংলার বিশেষ প্রতিবেদন

সরস্বতী পূজায় অস্ট্রেলিয়া জুড়ে প্রতিবাদ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে অস্ট্রেলিয়া জুড়ে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানায় AFERMB।

  • 5:37 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:৩৮৩ বার
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে অস্ট্রেলিয়া জুড়ে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানায় AFERMB। ছবি: OTN Bangla

মেলবোর্ন, ২৬ জানুয়ারি: অস্ট্রেলিয়া জুড়ে এবারের সরস্বতী পূজায় দেখা গেছে এক অভূতপূর্ব দৃশ্য—ধর্মীয় উৎসবের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদের বিস্তৃত প্রকাশ। ভক্তি, সংস্কৃতি ও মানবিক প্রতিবাদের এক অনন্য সমন্বয়ে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সংগঠন এবারের সরস্বতী পূজাকে পরিণত করেছে প্রতিবাদের শক্তিশালী মঞ্চে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সংগঠন একত্র হয়ে ইতোমধ্যে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে। এসব সংগঠনের দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা তাদের ভাষায় ধীরে ধীরে একটি ভয়াবহ মানবাধিকার সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ সৃষ্টি, নিহতদের স্মরণ এবং গণসচেতনতা তৈরির অংশ হিসেবে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB)-এর আহ্বানে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটরিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পূজা সংগঠনগুলো এবারের সরস্বতী পূজায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। পার্থ, মেলবোর্ন, সিডনি ও অন্যান্য শহরে আয়োজিত পূজামণ্ডপগুলোতে প্রদর্শিত হয় প্রতিবাদী পোস্টার, ব্যানার ও বার্তা, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদের ভাষা তুলে ধরা হয়।

এর আগে ২১ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও সংকটময় গণতন্ত্রের পরিস্থিতি তুলে ধরতে একটি দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিডনির কেন্দ্রীয় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশে বসবাসরত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB)।

আরো পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু হত্যা: প্রতিবাদে সিডনির রাস্তায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রচারণা

ওটিএন বাংলার সঙ্গে কথা বলে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দায়ী।

বাংলাদেশ পূজা ও সাংস্কৃতিক সংগঠন ভিক্টোরিয়া (BPCSV)-এর সভাপতি প্রদ্যুৎ দে তুহিন বলেন, “সরস্বতী পূজা আমাদের জ্ঞান, শান্তি ও মানবতার প্রতীক। কিন্তু আজ আমরা যখন পূজা করছি, তখন বাংলাদেশে আমাদের ভাইবোনেরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। এই প্রতিবাদ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি মানবাধিকারের পক্ষে আমাদের নৈতিক দায়িত্ব।”

AFERMB-এর পরিচালক ও সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহর ভৌমিক বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংকট। প্রবাস থেকে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার একটি প্রয়াস।”

সনাতন আর্ট অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)-এর সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন , বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো এবং বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়াও এবারের সরস্বতী পূজা আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ।”

এছাড়া বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (BPA) নিউ সাউথ ওয়েলস, বেঙ্গলি সোসাইটি ফর পূজা এন্ড কালচার, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকর্পোরেটেড নিউ সাউথ ওয়েলস সহ অন্যান্য স্টেট এবং টেরিটোরিতে পূজা সংগঠনগুলো একই ধরনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।

প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা, পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

বিশ্লেষকদের মতে, এবারের সরস্বতী পূজা শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মানবিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং বৈশ্বিক সংহতির এক শক্তিশালী প্রকাশে পরিণত হয়েছে। ধর্মীয় আচার, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিবাদের ভাষা—এই তিনের সমন্বয়ে এবারের সরস্বতী পূজা অস্ট্রেলিয়ায় এক নতুন রাজনৈতিক ও সামাজিক মাত্রা যোগ করেছে।

আরো পড়ুন: মেলবোর্নে সরস্বতী পূজায় ব্যতিক্রমী প্রতিবাদ: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au