স্থানীয় সময় সকাল প্রায় ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১০ ফেব্রুয়ারি-দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলের গাপইয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে, প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে আকাশে থাকা অবস্থায় হেলিকপ্টারটি হঠাৎ বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ক্রু সদস্যকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে।
সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল। এই অনুশীলনের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সুত্রঃ রয়টার্স