মেলবোর্ন, ১৪ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজন উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সুশীলা কারকি লেখেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
নির্বাচন-পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষ থেকে আসা শুভেচ্ছা বার্তাকে কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার নতুন অধ্যায় শুরুর প্রত্যাশাও প্রকাশ পাচ্ছে এসব বার্তায়।