বাংলাদেশ

সাতক্ষীরায় বাসন্তী পূজার মণ্ডপ নির্মাণে বাধা, মারধরের হুমকি

  • 7:18 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার

মেলবোর্ন, ২৫ মার্চ- সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান সদূরডাঙ্গী পূর্বপাড়ায় বাসন্তী পূজার মণ্ডপ নির্মাণকে কেন্দ্র করে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এই এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

মন্দির সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, পূজার প্রস্তুতির অংশ হিসেবে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি এসে এতে বাধা দেন এবং হুমকি দেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পূজা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজার বাগান পূর্বপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান টুটুল ও তার স্ত্রীসহ কয়েকজন ব্যক্তি গত কয়েক বছর ধরেই বিভিন্ন ধর্মীয় আয়োজনের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। রোববার বাসন্তী পূজার মণ্ডপ নির্মাণের জন্য সরকারি রাস্তার পাশে বাঁশ পোঁতার সময় একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করেছেন মন্দির কমিটির নেতারা।

সদূরডাঙ্গী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস বলেন, অতীতেও বিভিন্ন পূজা-পার্বণে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। তিনি অভিযোগ করে বলেন, টুটুল ও তার পরিবারের পক্ষ থেকে প্রায়ই পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। রোববার মণ্ডপ নির্মাণের কাজ শুরুর সময় তারা এসে গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি পূজা করতে হলে অন্য দেশে গিয়ে করতে হবে বলেও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মন্দির কমিটির সভাপতি আদিত্য বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা আয়োজন করা হয়ে আসছে। কিন্তু গত বছরও একই পরিবারের পক্ষ থেকে পূজা বন্ধে চাপ সৃষ্টি করা হয়েছিল। এবারও একইভাবে প্যান্ডেল নির্মাণের কাজে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান করতে চাই। কিন্তু বারবার বাধার কারণে আতঙ্ক তৈরি হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনিরুজ্জামান টুটুল। তিনি বলেন, পূজা মণ্ডপ নির্মাণে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তার দাবি, রাস্তার পাশে যে জায়গায় বাঁশ পোঁতা হচ্ছিল, তার একটি অংশ তাদের ব্যক্তিগত জমির মধ্যে পড়েছে। এ ছাড়া বৈদ্যুতিক সংযোগের ঝুঁকি থাকায় দুর্ঘটনা এড়াতে তার স্ত্রী আপত্তি জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে মৌখিকভাবে অভিযোগ এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয় পূজা আয়োজকরা দ্রুত প্রশাসনিক নজরদারি জোরদার এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তারা নিরবচ্ছিন্নভাবে বাসন্তী পূজা উদযাপনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au