ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ
রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…
ভাস্কর দত্ত :
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
দলীয় সূত্রের দাবি, ডিসেম্বরের কোন তারিখে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
দলটির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।
এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফেরার এবং আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তখনও ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।
ডিসেম্বরে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গত ১৯ অক্টোবরও শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ যথাসময়ে জানানো হবে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা।
সভার পর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে দেশের পরিস্থিতি এবং দলের সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করছেন শেখ হাসিনা। তিনি দলের ৮৩টি জেলা শাখা ও ১৬০টি নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথাও জানান।
সাংগঠনিক কার্যক্রমে গুরুত্ব
গত ১৯ সেপ্টেম্বরের বৈঠকে সাংগঠনিক শূন্যতা পূরণে নির্যাতিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার এবং সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ, কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় সাত দফাসহ বিভিন্ন দাবির পাশাপাশি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিও জানানো হয়।
প্রত্যাবর্তন ঘিরে আলোচনা
৭ নভেম্বরের বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারণের পাশাপাশি দলের সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এই বৈঠকের দিকে এখন তাকিয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন, নাকি প্রত্যাবর্তনের পরিকল্পনায় নতুন কোনো সিদ্ধান্ত আসবে—সেদিকেও নজর রাজনৈতিক মহলের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au