ইরান ‘ভুল করলে’ ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের ,ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩ মে- মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও নতুন করে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান পরিস্থিতি অবনতির দিকে নিলে হামলা পুনরায় শুরু হতে পারে।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে একটি চুক্তির ধারণা তাকে জানানো হয়েছে, তবে চূড়ান্ত খসড়া এখনো হাতে পাননি। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হবে কি না, সে নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
ট্রাম্পের ভাষ্য, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত মূল্য দেয়নি। তাই প্রয়োজন হলে সামরিক বিকল্প খোলা রাখা হয়েছে। যদিও তিনি একই সঙ্গে বলেন, কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক ইস্যুতে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন তাদের নীতিতে পরিবর্তন আনলে তেহরান আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে নিশ্চয়তা ছাড়া তারা সংঘাতের অবসান চায় না।
চার সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা স্থগিত করলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে রাজনৈতিক চাপও বাড়ছে। ইরানের প্রস্তাবে আরও রয়েছে মার্কিন বাহিনী প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ সম্পদ ফেরতের বিষয়। তবে এসব ইস্যুতে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনো রয়ে গেছে, ফলে সমঝোতার পথ অনিশ্চিতই থাকছে।