পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাজিমাত কিউইদের
পাঁচ ম্যাচ টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড। ২২১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দাপটে নির্ধারিত ওভারের আগেই ১০৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মুখোমুখি হয় দু’দল। টস হেরে ব্যাট করতে নেমে ৫৯ রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। ৪৪ রানে টিম শেইফার্ট, হারিসের বলে আউট হলে ভাঙ্গে পার্টনারশিপ। তার দ্বিতীয় শিকার ২৪ রান করা মার্ক চ্যাপম্যান।
অর্ধশতক হাঁকিয়ে সাজঘরের পথ দেখেন ফিন অ্যালেন। ২৯ রানে করে হারিসের তৃতীয় শিকার ডেরিল মিচেল। শেষদিকে অধিনায়ক ব্রেসওয়েলের ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের সংগ্রহ পায় কিউইরা
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই থিতু হয়ে পড়ে সালমান আগার দল। ২৪ রান করে ফেরেন ইরফান খান।
এরপর চলতে থাকে পাকিস্তানের সাজঘরে আসা যাওয়ার মিছিল। শেষদিকে আবদুল সামাদের ৪৪ রান শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। স্বাগতিকদের হয়ে ২০ রানে ৪ উইকেট শিকার করেন জ্যাকব ডাফি। এছাড়া ৩টি উইকেট শিকার করেন জাকারি ফোকস।
২০ বলে ৫০ রান করা ফিন অ্যালেন ম্যাচসেরা হয়েছেন।