বাংলাদেশ

হিমায়েতপুরের শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষায় পাবনায় মানববন্ধনের ঘোষণা

সরকারের কাছে পুনর্বিবেচনার আহ্বান সৎসঙ্গ বাংলাদেশের

  • 8:46 pm - June 01, 2026
  • পঠিত হয়েছে:৩৪০ বার
সৎসঙ্গ বিশ্ব বিজ্ঞানকেন্দ্র । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন- পাবনার হিমায়েতপুরে অবস্থিত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের দাবিতে আগামী ৩ জুন পাবনায় বৃহৎ পরিসরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিমায়েতপুরে মানসিক হাসপাতাল চত্বরে শ্রীশ্রীঠাকুরের নির্মিত যেসব স্থাপনা এখনও ভগ্নদশায় টিকে আছে, সেগুলো বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত ও অনুরাগীর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগঘন স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচিত।

গত ২৯ মে প্রকাশিত এ বিশেষ বিজ্ঞপ্তিতে সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য সরকারের কাছে হিমায়েতপুরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন স্থাপনাগুলোর বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সৎসঙ্গ বাংলাদেশের কাছে এমন তথ্য এসেছে যে, বাংলাদেশের সরকার ওই ভগ্নপ্রায় স্থাপনাগুলো টেন্ডার আহ্বানের মাধ্যমে অপসারণ বা ভূমিস্যাৎ করার পরিকল্পনা নিয়েছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করলেও তারা স্পষ্টভাবে জানিয়েছে, সৎসঙ্গ সবসময় দেশের আইন ও সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো ধরনের সরকারবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের কল্যাণে সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সুনাগরিক হিসেবে তা সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করাই সৎসঙ্গীদের দায়িত্ব। একই সঙ্গে সংগঠনটি উল্লেখ করেছে, তারা কখনোই প্রতিবাদ, আন্দোলন বা উসকানিমূলক কর্মসূচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। তবে বাংলাদেশের বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়, শ্রেণি ও মতের লাখো সৎসঙ্গী এবং বিশ্বের কোটি কোটি ভক্ত-অনুরাগীর প্রতিনিধি হিসেবে তারা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে পারেন, যাতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

এ লক্ষ্যেই আগামী ৩ জুন ২০২৬, বুধবার পাবনায় সম্মিলিত ও সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের সব সৎসঙ্গী, পবিত্র পাঞ্জাধারী কর্মী, শ্রীশ্রীঠাকুর-অনুরাগী এবং ভক্ত নরনারীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকল কষ্ট ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্ধারিত সময়ে পাবনায় উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে সমবেত হতে হবে।

বাংলাদেশের সরকার ওই ভগ্নপ্রায় স্থাপনাগুলো টেন্ডার আহ্বানের মাধ্যমে অপসারণ বা ভূমিস্যাৎ করার পরিকল্পনা নিয়েছে।ছবিঃ সংগৃহীত

একই সঙ্গে অংশগ্রহণকারীদের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, কর্মসূচিতে কোনো ধরনের দাবি বা বিরোধিতামূলক স্লোগান দেওয়া যাবে না এবং কোনো উসকানি বা উত্তেজনামূলক পরিস্থিতিতে জড়ানো যাবে না। কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত আয়োজকদের নির্দেশনা মেনে চলতে হবে এবং ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ডে শুধুমাত্র পূর্বনির্ধারিত বক্তব্য ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা কঠিন হতে পারে। তাই অংশগ্রহণকারীদের নিজেদের প্রয়োজনীয় খাবার সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্যদের সঙ্গে তা ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেককে নিজের পাশাপাশি সঙ্গে আসা অন্যদের দায়িত্বও স্বেচ্ছায় গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচিটিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবেন।

আগামী ৩ জুন ২০২৬, বুধবার পাবনায় সম্মিলিত ও সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

পোশাকের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারীরা যথাসম্ভব সাদা পোশাক পরিধান করবেন। নারীদের সৎসঙ্গের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র পাঞ্জাধারী কর্মীদের জন্য সংগঠনের ঐতিহ্যবাহী নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক রাখা হয়েছে।

সৎসঙ্গ বাংলাদেশ মনে করছে, এই মানববন্ধন শিষ্টতা, সভ্যতা, সংহতি ও ইষ্টানুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। বিজ্ঞপ্তির শেষাংশে সংগঠনটির পক্ষ থেকে প্রার্থনা জানানো হয়, যাতে এই সম্মিলিত উদ্যোগ সফল হয় এবং পরমপিতার করুণা ও আচার্যদেবের আশীর্বাদে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ কল্যাণ ও সার্থকতার পথে এগিয়ে যেতে পারে।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড, কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দেশটির ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা…

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ৪১ জন

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া সাগরপথে আটক হওয়ার পর ৩৬ জনকে দেশটির রাজধানী ত্রিপোলির তাজৌরা…

গতি বেড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’, এগিয়ে এলো উপকূলে আঘাত হানার সময়

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ গতিবেগ বেড়ে যাওয়ায় ভারতের উপকূলে আঘাত হানার সময় এগিয়ে এসেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা…

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au