বাংলাদেশ

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

  • 3:55 am - June 18, 2026
  • পঠিত হয়েছে:২৯৯ বার
জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের সুযোগ নিয়ে জামাতে ইমামতি করতে গিয়ে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর ৩১(ক), ৩১(খ), ৩১(ঘ), ৩৩ ও ৩৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা পাওয়ার পর গত ১৫ জুন পল্টন থানা পুলিশের একটি দল ঢাকার পুরানা পল্টনের ৫৫/১ ইসলাম এস্টেটের পঞ্চম তলায় অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী গোলাম আজমকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আটকের পর আসরের নামাজের সময় হলে গোলাম আজম পুলিশ সদস্যদের কাছে নামাজ আদায়ের সুযোগ চান। মানবিক বিবেচনায় পুলিশ তাকে সেই সুযোগ দেয়। পরে তিনি নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জামাতে নামাজ শুরু করেন এবং নিজেই ইমামতি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠে হঠাৎ করেই তিনি পেছনে থাকা মুসল্লিদের রেখে দ্রুত অফিস ত্যাগ করেন এবং পালিয়ে যান। ঘটনাটি বুঝে ওঠার আগেই তিনি পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনার পর পল্টন থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে গেছেন। তাকে পুনরায় গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে বলেও সে সময় জানানো হয়।

পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ঢাকার মাদারটেকের নন্দীপাড়া এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ও ম্যানপাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অতীতে মানবপাচারসংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলার তথ্যও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও রাজনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে দলের কোনো সাংগঠনিক পদে তিনি নেই। এমনকি তিনি বিএনপি থেকে বহিষ্কৃত বলেও দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, চাঁদপুর আদালতের মামলাসহ তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গ্রেপ্তারের পর নামাজের ইমামতি করতে গিয়ে পুলিশের হেফাজত থেকে পালানোর ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

৩২ কেজির ‘কামানের গোলা’ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ, বেইজিংয়ের দাবি মদের বোতল

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক বস্তু ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক বাগ্‌যুদ্ধ। চীনের তৈরি বলে ধারণা করা…

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

ইতালীয় প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফর, ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগে নতুন করে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ইউরোপীয় নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফরকে কেন্দ্র…

‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’: ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা কেন?

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি আরব গণমাধ্যমে ততই নতুন করে আলোচনায় আসছে ‘পৃথিবীর ধ্বংস’ বা মহাপ্রলয়ের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au