বিশ্ব

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

  • 3:02 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একই সময়ে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পেছনে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনাকে কারণ হিসেবে মনে করছেন বিশ্লেষকেরা।

লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ব্যাপক হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধ বন্ধ করা। কিন্তু সেই শর্ত উপেক্ষা করে ইসরায়েল হামলা অব্যাহত রাখায় পুরো শান্তি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন একদিনে লেবাননে অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর আসে। এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলার অভিযোগ ওঠে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

তবে শুক্রবার লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টায় নতুন গতি আসে। যুদ্ধবিরতির পরপরই স্টিভ উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য প্রকাশ্যে আসে, যা শান্তি আলোচনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, সম্ভাব্য একটি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার আলোচনা করতেই সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ।

বিশ্লেষকদের মতে, জেডি ভ্যান্সের সফর স্থগিত হওয়ার পেছনেও লেবাননের পরিস্থিতি বড় ভূমিকা রেখেছে। ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান চলাকালে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহী ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ কারণেই তিনি সুইজারল্যান্ড সফর থেকে সরে দাঁড়ান বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিসির এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ট্রাম্প ইসরায়েলকে বলেছেন যে কিছু পরিস্থিতিতে শান্ত থেকে বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দিনভর সংঘর্ষের পর শুক্রবার বিকেল চারটার দিকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এবং ইরানের সহযোগিতায় এই সমঝোতা সম্ভব হয়েছে।

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুটি সূত্র এবং ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সেই সমঝোতার ধারাবাহিকতায় চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে শুক্রবার থেকে সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশকেন্দ্রে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের একটি অংশ এ প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন ছিল। বিশেষ করে দেশটির কট্টরপন্থি রাজনৈতিক নেতারা লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ কতটা সফল হবে, তা এখনো সময়ই বলে দেবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au