নির্বাচিত খবর

ভারতীয় বিশ্লেষক ঐশ্বর্য পারিখের নিবন্ধ

বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা, তবে কি বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে?

  • 10:50 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, তাঁর প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং এর পেছনে রাজনৈতিক সমঝোতা বা সমীকরণ কাজ করতে পারে।

ভারতীয় বিশ্লেষক ঐশ্বর্য পারিখের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের দুই বছরেরও কম সময় পর আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে ডিসেম্বর মাসকে বেছে নেওয়ার পেছনে একাধিক রাজনৈতিক কারণ থাকতে পারে। এটি বাংলাদেশের বিজয় দিবসের মাস, একই সঙ্গে জাতির জনক শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারকে সামনে আনারও একটি প্রতীকী সময়। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার জন্যও সময় দেওয়া হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা বর্তমানে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় রয়েছেন কি না, সেটিও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জায়েদ উর রহমান সম্প্রতি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা তিনি স্বাগত জানালেও তাঁকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

তবে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাঁকে কী ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে? প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে অনেক পর্যবেক্ষকই ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বলে মনে করেননি।

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাঁর মতে, ঢাকা সরকারও এখন বুঝে উঠতে পারছে না কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে।

রিভা গাঙ্গুলী আশঙ্কা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক সমর্থক বিমানবন্দরে বা রাস্তায় জড়ো হতে পারেন। একইভাবে জামায়াতে ইসলামীও পাল্টা সমাবেশের আয়োজন করতে পারে, যা বড় ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

তিনি মনে করেন, শেখ হাসিনার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিকভাবে টিকে থাকা, নিজের রাজনৈতিক উত্তরাধিকার পুনর্গঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করার লক্ষ্য থাকতে পারে। তাঁর ভাষায়, শেখ হাসিনা অতীতেও বহু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং কখনোই সেসব পরিস্থিতিকে সরাসরি মোকাবিলা করতে পিছপা হননি।

ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়ার সময় অন্য কাউকে নেতৃত্বে রেখে যেতেন, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অনেক সহজ হতো। তিনি বলেন, বর্তমানে দলের মধ্যে এমন কোনো নেতৃত্ব নেই, যিনি শেখ হাসিনার অনুপস্থিতিতে কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে পারেন। এ ক্ষেত্রে বিএনপির সঙ্গে পার্থক্য তুলে ধরে তিনি উল্লেখ করেন, তারেক রহমান লন্ডনে থাকলেও বেগম খালেদা জিয়া এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা যদি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসেন, তাহলে তাঁর বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) দাবির ভবিষ্যৎ কী হবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি বিষয় এবং ভারত আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।

তবে রিভা গাঙ্গুলী এবং অধ্যাপক শ্রীরাধা দত্ত—দুজনেই মনে করেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে কোনো না কোনো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সম্ভব হতে পারে।

রিভা গাঙ্গুলী বলেন, শেখ হাসিনা ভারতে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যাননি; তিনি গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। তিনি নিজে পালিয়ে যাননি, বরং তাঁকে বাংলাদেশের সেনাবাহিনী নিরাপদে ভারতে নিয়ে যায়। তাই তাঁর প্রত্যর্পণ কেবল আইনি বিষয় নয়, এটি একটি রাজনৈতিক বিষয়ও, যার সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগও সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত হতে পারে। বিশ্লেষকদের মতে, বিএনপি হয়তো শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে রাজনৈতিক পরিস্থিতি পুনর্বিন্যাসের চেষ্টা করছে। আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি তাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

সূত্র: ভারতীয় বিশ্লেষক ঐশ্বর্য পারিখের নিবন্ধ “Bangladesh: Ex-PM Hasina’s Return May Flow From A Political Deal”।

এই শাখার আরও খবর

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au