‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই
জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ শহর হয়ে গাড়িবহর চলে যাবে বাগেরহাটের ফকিরহাটে। সেখানে কাটাখালী মোড়ে পথসভা করার সিদ্ধান্ত হয়েছে। ফলে গোপালগঞ্জে গাড়িবহর নিয়ে গেলেও কেন সেখানে পথসভা রাখা হলো না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের রুট ও পথসভার স্থান চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা করবে।
রুট অনুযায়ী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের টেকেরহাট হয়ে গাড়িবহর গোপালগঞ্জের দিকে যাবে। এরপর গোপালগঞ্জ শহর হয়ে বাগেরহাটের ফকিরহাটে গিয়ে কাটাখালী মোড়ে পথসভা হবে। অর্থাৎ গোপালগঞ্জে গাড়িবহর গেলেও সেখানে কোনো সমাবেশ বা পথসভা রাখা হয়নি।
এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে পথসভা করবে ১১ দল। সেখান থেকে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে। পরে যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর যাবে ঝিনাইদহে। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা শেষে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।
এর আগে ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা পর্যন্ত সড়কপথে লংমার্চ এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ করার সিদ্ধান্ত ছিল। তবে দুর্গাপূজার কারণে কর্মসূচি দুটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ হবে। ঢাকা-সিলেট লংমার্চ হবে নভেম্বরে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ সাত দফা দাবিতে এই লংমার্চের আয়োজন করছে ১১ দল।
গোপালগঞ্জে পথসভা না রাখার সিদ্ধান্তের পেছনে গত বছরের একটি ঘটনার প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। গত বছরের জুলাইয়ে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হামলার শিকার হয়েছিল। আওয়ামী লীগ সমর্থকরা ওই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হন।
তবে গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্তকে নিরাপত্তা-শঙ্কার সঙ্গে সরাসরি যুক্ত করতে রাজি নন জামায়াত নেতারা। ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে সভাপতিত্ব করা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, চট্টগ্রাম ও রংপুরের লংমার্চ যেমন শান্তিপূর্ণ হয়েছে, দক্ষিণবঙ্গের লংমার্চও তেমন শান্তিপূর্ণ হবে। গোপালগঞ্জের বাসিন্দাদের সঙ্গে জামায়াতের ভালোবাসার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, সংসদ নির্বাচনে গোপালগঞ্জের মানুষ জামায়াতকে উল্লেখযোগ্য ভোট দিয়েছেন। ফলে নিরাপত্তা উদ্বেগের প্রশ্ন নেই।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে কেউ উসকানি বা অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে। ১১ দলের কর্মীরা কোনো ধরনের উসকানিতে পা দেবেন না বলেও জানান তিনি।
অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য দাবির প্রতি ১১ দলীয় ঐক্যের সমর্থন রয়েছে। তবে ভাঙচুর বা সহিংসতা গ্রহণযোগ্য নয়। চালকদের ন্যায্য দাবিগুলো সরকারকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও তার সঙ্গে আচরণ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ১১ দল।
বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলামিন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈমসহ ১১ দলের নেতারা অংশ নেন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au