শেখ হাসিনার দেশে ও রাজনীতিতে ফেরার অঙ্গীকার—বাংলাদেশের জন্য কী বার্তা?
মেলবোর্ন, ৮ আগষ্ট: রাজনীতি শেখ হাসিনার জীবনের প্রায় প্রতিটি অধ্যায়কে গভীরভাবে প্রভাবিত করেছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা টানা ১৫ বছর…
মেলবোর্ন, ৮ আগষ্ট- রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদরাসায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মাদরাসা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার (৮ আগস্ট) মাদরাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি সরকারি আলিয়া মাদরাসার আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার ছাত্রশিবিরের পক্ষ থেকে মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও মাদরাসার প্রধান ফটকের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এর আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শনিবার একটি পক্ষ মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদরাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের একপর্যায়ে মাদরাসার সামনের সড়কে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সংঘর্ষের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা মাদরাসা এলাকা ছেড়ে যান। পরে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের কয়েকশ নেতাকর্মী মাদরাসার আবাসিক হলে প্রবেশ করেন।
এরপর ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিবিরের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি কক্ষে ভাঙচুরের অভিযোগ ওঠে। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে কয়েকজন মারধর করেছেন বলেও অভিযোগ রয়েছে। পরে হলে থাকা শিক্ষার্থীদের বের হয়ে যেতে বলা হয় এবং শিক্ষার্থীরা বের হওয়ার পর হলের ফটকে তালা দেওয়া হয়।
ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই হলটি তালাবদ্ধ করা হয়েছে। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।
ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের প্রচার ও গণমাধ্যম সম্পাদক দাউদ খান দাবি করেন, সংঘর্ষে তাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ফুয়াদ নামের একজনের মাথায় ১২টি সেলাই লেগেছে এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতা সাদ চৌধুরী বলেন, আহতদের মধ্যে ছাত্রদল ও যুবদলের দুজনের অবস্থা গুরুতর।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আলিয়া মাদরাসা ও বকশীবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হলে প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে বকশীবাজারের ওই এলাকা কার্যত সংঘর্ষস্থলে পরিণত হয়।
প্রথমদিকে পুলিশ সদস্যসংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সন্ধ্যার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এলাকা ছেড়ে যান।
এর চার দিন পর শনিবার আবারও মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ককটেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদরাসা ও আশপাশের এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au