ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী একটি গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
ইরানের মেহর সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর স্থলবাহিনীর পরিচালিত ড্রোন অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বালিসান এলাকায় কোমালার সদর দপ্তরে হামলা চালানো হয়। ইরান গোষ্ঠীটিকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশ কয়েকটি শিবির ও ঘাঁটি রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব স্থাপনায় বারবার হামলা চালিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী তার চিরশত্রু ইসরায়েলের সমর্থনপুষ্ট।
তবে সর্বশেষ ড্রোন হামলার বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৭ জুলাই ইরাকের সুলাইমানিয়া শহরের কাছে কোমালার একটি স্থাপনায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় গোষ্ঠীটির নয়জন সদস্য নিহত হন। ধারাবাহিক এসব হামলার মধ্য দিয়ে ইরান ও ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সুত্রঃ আল আরাবিয়া