বাংলাদেশ

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

  • 1:33 am - August 21, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ২০ আগস্ট।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার একসময় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো ‘উগ্রবাদী সংগঠন’ নিষিদ্ধ করা উচিত।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, লুটপাট ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় তাদের নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন নুরুল হক।

তিনি আরও দাবি করেন, জাতিসংঘের পক্ষ থেকে আল-কায়েদার বাংলাদেশকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনার কথা বলা হয়েছে। জামায়াত-শিবিরের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংগঠনটির বিরুদ্ধে অস্ত্রধারী ক্যাডার পরিচালনার অভিযোগও করেন নুরুল হক।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির ‘মজলুম’ অবস্থানে থাকলেও গত ছয় মাসে তারা ‘জালেম’ সংগঠনে পরিণত হয়েছে বলে তিনি মনে করেন। উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে এখন থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তার ভাষ্য, এখনই তাদের প্রতিহত করা না গেলে ‘ভাইরাসের মতো’ ছড়িয়ে পড়ে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হতে পারে।

জামায়াত-শিবির ও আওয়ামী লীগকে একই ধরনের ‘ফ্যাসিস্ট’ শক্তি হিসেবে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেয়ে ফ্যাসিস্ট আচরণ করেছে। অন্যদিকে জামায়াত-শিবির ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে যে ধরনের কর্মকাণ্ড করেছে, তাতে তাদের বিরুদ্ধে অতীতে সহিংসতা, ধর্ষণ ও দখলদারত্বের অভিযোগ সামনে এসেছে।

বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করে জামায়াত রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নুরুল হক।

তিনি দাবি করেন, জামায়াত ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলে নেওয়ার চেষ্টা করছে এবং এসব প্রতিষ্ঠানে দলটির লোকজনকে শেয়ার দেওয়ার উদ্যোগ চলছে। তার মতে, এর মধ্য দিয়ে জামায়াত মূলত ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিশ্চিত করতে চাইছে।

নুরুল হক বলেন, জামায়াতকে কোনোভাবেই এ ধরনের সুযোগ দেওয়া উচিত নয়। সুযোগ পেলে তারা দেশের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ওয়াজ ও জুমার খুতবায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আমির হামজার বক্তব্যের সমালোচনা করেন নুরুল হক। তিনি বলেন, কোনো বক্তব্যে বিদ্বেষ, বিভাজন বা কুরুচিপূর্ণ বিষয় থাকলে জনগণকে তা প্রতিহত করতে হবে।

আমির হামজার বক্তব্যের পক্ষে জামায়াতের দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন তিনি। নুরুল হকের দাবি, এর মাধ্যমে দলটি আমির হামজার বক্তব্য ও ‘মানসিকতাকে’ সমর্থন করছে বলে প্রমাণিত হয়েছে।

আমির হামজা, সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামসহ জামায়াতের কয়েকজন নেতা-কর্মীর কর্মকাণ্ডের সমালোচনা করে নুরুল হক বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে দলটির ‘নৈতিক অধঃপতন’ প্রকাশ পেয়েছে। এরপরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ‘প্রহসন’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি।

নুরুল হকের অভিযোগ, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই জামায়াতে ইসলামী বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা শুরু করেছে। তার দাবি, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই দলটি বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে।

এই শাখার আরও খবর

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au