প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ।ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৬ আগষ্ট- সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের পর জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
পুলিশ জানায়, প্রতারণার একটি মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণা করার অভিযোগ আনা হয় বিদিশা এরশাদের বিরুদ্ধে।
দীর্ঘ সময় ধরে মামলাটির বিচারিক কার্যক্রম চলে। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সেটি কার্যকর করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদিশা এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে পরবর্তী সময়ে বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে তাদের এক ছেলে রয়েছে।