বিশ্ব

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

  • 2:06 am - October 24, 2026
  • পঠিত হয়েছে:৫২ বার
চীনের এসব তৎপরতায় জাপান ও ফিলিপাইনের ওপরও চাপ বাড়ছে। ছবিঃ রয়টার্স

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের দাবি, সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়েই সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তার এবং সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে বেইজিং। চীনের এই তৎপরতায় তাইওয়ানের পাশাপাশি জাপান ও ফিলিপাইনের ওপরও চাপ বাড়ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে এসব অভিযোগ জানায় তাইওয়ানের কোস্টগার্ড। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত জুন থেকে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জলসীমাসংলগ্ন এলাকায় চীনের এ ধরনের তৎপরতা বেড়েছে।

চলতি মাসের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের মাঝামাঝি সময়ে তাইওয়ানের প্রশান্ত মহাসাগরমুখী পূর্ব উপকূলের কাছে চীনের একটি সামুদ্রিক মিলিশিয়ার নৌযান শনাক্ত করা হয়। নৌযানটির সঙ্গে চীনের একটি কোস্টগার্ড জাহাজ ও একটি গবেষণাজাহাজও ছিল। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানের কোস্টগার্ড একটি টহল জাহাজ পাঠিয়ে নৌযানটিকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

তাইওয়ানের কোস্টগার্ড জানিয়েছে, সন্দেহভাজন চীনা মাছ ধরার নৌযানটির নাম মিনফুদিংইউ ০৭৯০২। গত ১৬ আগস্ট নৌযানটি তাইওয়ানের সীমাবদ্ধ জলসীমার প্রায় ২ দশমিক ৭ নটিক্যাল মাইলের মধ্যে চলে এসেছিল। নৌযানটিকে এখন অগ্রাধিকারভিত্তিতে নজরদারির তালিকায় রাখা হয়েছে। এর কার্যক্রমে চীনের সামুদ্রিক মিলিশিয়ার বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করছে তাইওয়ানের কোস্টগার্ড।

চীনের ‘গ্রে-জোন’ কৌশল নিয়ে উদ্বেগ

তাইওয়ানের কোস্টগার্ডের মতে, চীনের এসব কর্মকাণ্ড বৃহত্তর ‘গ্রে-জোন’ কৌশলের অংশ। এই কৌশলে সরাসরি যুদ্ধ শুরু না করে আইন প্রয়োগকারী সংস্থা, গবেষণাজাহাজ ও বেসামরিক নৌযান ব্যবহার করে সমুদ্রে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করা হয়। তাইওয়ানের অভিযোগ, সামরিক, আধাসামরিক ও বেসামরিক নৌযানকে সমন্বিতভাবে ব্যবহার করে চীন সম্ভাব্য সামুদ্রিক অবরোধের প্রস্তুতিও নিচ্ছে।

তাইওয়ানের পূর্ব উপকূল গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগ ও সরবরাহ পথ হওয়ায় সেখানে চীনের তৎপরতা দ্বীপটির নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে তাইপে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে তাইওয়ানের কোস্টগার্ড।

এদিকে জাপান ও ফিলিপাইন নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের সামুদ্রিক সীমানা নির্ধারণ নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে। উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে সংশ্লিষ্ট দেশ সামুদ্রিক সম্পদ আহরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার ভোগ করে। চীনের বাড়তি তৎপরতার কারণে এসব এলাকায় নজরদারি ও পরিস্থিতি মোকাবিলার চাপও বাড়ছে বলে জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি চীনের

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে বেইজিং। তবে তাইওয়ানের সরকার চীনের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু তাইওয়ানের জনগণের।

তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে নিজেদের তৎপরতাকে চীন বৈধ ও আইনসম্মত বলে দাবি করে আসছে। বেইজিংয়ের বক্তব্য, ওই এলাকাগুলো চীনের জলসীমার অন্তর্ভুক্ত। তবে তাইপে চীনের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে।

চীনের সামুদ্রিক মিলিশিয়া ব্যবস্থা ১৯৫০-এর দশক থেকে চালু রয়েছে। এ ব্যবস্থায় প্রশিক্ষিত ও রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত সদস্যদের মাছ ধরার নৌযানে ব্যবহার করা হয়। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকাগুলোতে এসব নৌযান প্রায়ই চীনের কোস্টগার্ডের জাহাজের সঙ্গে কাজ করে। বেসামরিক নৌযানের পরিচয় বজায় রেখে সমুদ্রে চীনের দাবির পক্ষে অবস্থান নেওয়া এ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।

রয়টার্সের পর্যালোচনা করা নজরদারিসংক্রান্ত প্রতিবেদনটি তৈরি করেছে তাইওয়ানের অ্যাপেক্স এভিয়েশন। একটি নজরদারি ফ্লাইট থেকে পাওয়া রাডারের ছবি, অবলোহিত চিত্র এবং স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থার তথ্য ব্যবহার করে সংস্থাটি ওই এলাকায় একাধিক নৌযানের অবস্থান ও চলাচল নথিভুক্ত করেছে।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফিলিপাইনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি। জাপানের কোস্টগার্ডও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে তাইওয়ানের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা

ওটিএন বাংলা ডেস্ক :  পাবনা সদর উপজেলায় আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।…

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে নিজেদের কাজের ভিডিও ধারণ করছেন ভারতের শ্রমিকেরা

ভারতের বেঙ্গালুরুতে গত চার বছর ধরে চুল কাটা ও দাড়ি ছাঁটার কাজ করছেন মোহাম্মদ আশিম। তবে সম্প্রতি তাঁর কাজের ধরনে এসেছে নতুন সংযোজন। এখন মাথায়…

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হালনাগাদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au