অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান
চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…
লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছেন বেশ কয়েকটি পরিবার।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোহেল (৪০) নামের এক ব্যক্তি নিজের ঘরে পেট্রল ছিটিয়ে আগুন দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরগুলোতে। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আহত অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে সোহেলের নিজের ঘরও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র বের করার সুযোগ পাননি তারা। কৃষক ছিদ্দিক উল্যাহর পুরো ঘর পুড়ে গেছে। তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর ঘরে থাকা টাকা-পয়সা, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এমনকি এক মুঠো চাল বা একটি কাপড়ও বের করে আনতে পারেননি তিনি।
আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আহসান উল্লাহ বলেন, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি। নগদ টাকা, আসবাবপত্র ও কাপড়চোপড়সহ পরিবারের শেষ সম্বলটুকুও মুহূর্তের মধ্যে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন এবং কীভাবে আবার ঘর তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও লক্ষ্মীপুর থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম শাহজালাল কিসমত বলেন, সোহেল নিয়মিত মাদক সেবন করেন বলে স্থানীয়ভাবে জানা যায়। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রথমে পেট্রল দিয়ে নিজের ঘরে আগুন দেন বলে তিনি জানান। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ আহমেদ বলেন, পুড়ে যাওয়া ঘরগুলো টিনের তৈরি। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে মোট ১১টি ঘর পুড়ে গেছে। স্থানীয় লোকজনের মারধরের পর সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au